২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান করে আ.লীগ: সংকট নিরসনে সরকারের পদত্যাগই একমাত্র পথ, আপডেট

সরকারের সঙ্গে কোন ধরণের আলোচনা বা সংলাপে যাবে না আওয়ামী লীগ। বিরাজমান সংকট নিরসনে দলের নেতৃবৃন্দ সরকারের পদত্যাগকেই একমাত্র পথ বলে মনে করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

এছাড়া, অগণতান্ত্রিক, অসাংবিধানিক পন্থায় ক্ষমতা হস্তান্তর বরদাস্ত না করার হুমকি দিয়ে আওয়ামী লীগ জানায, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার করে জনগণের সম্মতিতে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের কাছে সাংবিধানিক পন্থায় ক্ষমতা হস্তান্তর ও অবিলম্বে নির্বাচন ঘোষণা করতে হবে।

শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা থেকে সরকারের সঙ্গে  সংলাপের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে জানানো হয় তারা মনে করেন, সরকারের পদত্যাগই দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণ ও সংকট নিরসনের একমাত্র উপায়। কেননা এ সরকার উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না।

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে  অনুষ্ঠিত সভা শেষে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি দলীয় সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, হত্যাকারীদের সঙ্গে আমরা কোন আলোচনায় বসতে পারি না।

সভার প্রস্তাবে বলা হয়, উগ্র সাম্প্রদায়িক জঙ্গিদের মদদদাতা বিএনপি জামাত জোট সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন রক্তপাত বোমাবাজি, হামলা সন্ত্রাস বন্ধ হবে না। জনজীবনেও শান্তি ও নিরাপত্তা আসবে না। তাই সংবিধান সমুন্নত রেখে নিয়মতান্ত্রিক পন্থায় জোট সরকারের বিরুদ্ধে গণআন্দোলনকে গণঅভ্যুত্থানে পরিনত করতে হবে।

তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাবলী প্রমান করে, জঙ্গিদেরে বিরুদ্ধে তারা কার্যকর অবস্থান নিতে রাজী নয়, বাংলাভাইসহ সন্ত্রাসীদের গ্রেফতার করবে না বরং মানুষের মধ্যে ভয়-ভীতি সৃষ্টি করতে তাদের দেশব্রাপী সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করবে। সবকিছু ঘোলাটে করে তারা ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, কিন্তু জনগণ তা মেনে নেবেনা।

অপর এক প্রস্তাবে বলা হয়, বিরাজমান পরিস্থিতির প্রকৃত সমাধানের দিকে না গিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা একদিকে তথাকথিত সংলাপের কথা বলছেন। অন্যদিকে স্বয়ং প্রধানমন্ত্রীসহ জোটের নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার ও বিষোদগার করে চলেছেন।

নেতৃবৃন্দ বলেন, একদিকে সংলাপের আহ্বান, অন্যদিকে বিরাজমান পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করার স্ববিরোধী নীতি এবং জঙ্গিগোষ্ঠীর বোমাবাজি হত্যার বিরুদ্ধে পরিচালিত জনগণের শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে গ্রেফতার - নির্যাতন, অপপ্রচার চালানোর ঘটনায় একথাই প্রমাণিত হয় যে, জোট সরকার দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্যই এসব চালাকির আশ্রয় নিচ্ছে।

সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি প্রেস ব্রিফিংয়ে আরও জানান, বর্তমান সংকট নিরসনের একমাত্র উপায় হচ্ছে জোট সরকারের পদত্যাগ। খালেদা জিয়াকে বিদায় করা ছাড়া পরিস্থিতির উত্তরণ ঘটানো সম্ভব নয়।

একটি ব্যবসায়ী সংগঠনের সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত বক্তব্য প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বলেন, তারা কি বলছেন তা আমাদের কাছে বিবেচ্য নয়। পরিস্থিতি ভিন্নখাতে প্রবাহিত করতেই তারা এমন কথা বলছেন। ক্ষমতা হস্তান্তর করতে হবে গণতান্ত্রিকভাবে সাংবিধানিক পন্থায়। 

সভায় নেতৃবৃন্দ বেলন, সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই এখন বিরোধী দলের আন্দোলনের একমাত্র লক্ষ্য।

সভাসূত্র বিডিনিউজকে জানায়, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও সভায় আলোচনা হয়। সভায় বর্তমান পরিস্থিতিতে দলের বিশেষ কাউন্সিল না করে অনির্দিষ্ট সময়ের জন্য কমিটির কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামীতে সুবিধামত সময়ে বিশেষ কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে তা অনুমোদন করে নেওয়া হবে।