২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের ক্ষমা করে আগামী নির্বাচনে জোটের পক্ষে কাজে লাগানোর প্রক্রিয়া চলছে: ১৪ দল

আওয়ামী লীগসহ ১৪ দল নেতৃবৃন্দ বলেছেন, উগ্র সাম্প্রদায়িক জঙ্গি সন্ত্রাসীদের ক্ষমা করে আগামী নির্বাচনে বিএনপি জামাতের পক্ষে কাজে লাগানোর প্রক্রিয়া চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 02:57 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দল আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তারা এ কথা বলেন।

তারা বলেন, জঙ্গিদের রক্ষা ও লালনের উদ্দেশ্যে গ্রেপ্তারকৃতদের বেআইনি উপায়ে দীর্ঘ মেয়াদে রিমান্ডে নিয়ে এখন জামাই আদরে রাখা হচ্ছে। তাদের মূল নেতাদের গ্রেপ্তার করা হবে না। বরং তাদের ক্ষমা করে দেওয়ার প্রক্রিয়া চলছে। কালক্ষেপণ করে নির্বাচনের আগে ছেড়ে দিয়ে ১৪ দলের বিরুদ্ধে বিএনপি জামাত জোটের পক্ষে জঙ্গিদের ব্যবহার করা হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি জেএমবি’র সামরিক প্রধান সানিকে জিজ্ঞাসাবাদের জন্যে ১১৯ দিন কেন লাগবে? -- এ প্রশ্ন করে বলেন, জাতীয় নিরাপত্তার জন্যে যারা হুমকি, জোট সরকার তাদের রক্ষা করতে রিমান্ডের নামে সময় ক্ষেপণ করছে। আগামী নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে।

তিনি বলেন, জোট সরকার তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে বিরোধী দলের প্রস্তাব বাস্তবায়ন না করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করতেই জঙ্গিদের রক্ষা করছে।

দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জোট সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জোট সরকারের পদত্যাগই বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ।

আব্দুল জলিল প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, রিমান্ডের নামে প্রহসনের এই খেলা ও জঙ্গিদের দিয়ে টিভি নাটক বন্ধ করুন। মানুষের নিরাপত্তার ব্যবস্থা করুন।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেন, জোট সরকার রিমান্ডের নামে বেআইনি কাজ করছে। তাদের হাতে জঙ্গিদের বিচার হবে না। কারণ এরাই জঙ্গিবাদের স্রষ্টা। এক অপরাধী তো অপর অপরাধীর বিচার করতে পারে না।

গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম বলেন, সংস্কারের দাবি না মেনে সরকার দেশে একটি নীল নকশার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করছে। আন্দোলন ব্যাহত এবং নীল নকশার নির্বাচন সম্পন্ন করতে জঙ্গিদের নির্বাচনী কাজে ব্যবহার করা হবে।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, জাসদের কার্যকরি সভাপতি মাইনউদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, গণফোরামের মফিজুল ইসলাম খান কামাল এবং ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিকসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।