২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে মানুষের মুক্তি ঘটবে, ফিরে পাবে কাঙ্খিত গণতন্ত্র : দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনার প্রত্যাশা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, নতুন বছরে মানুষের মুক্তি ঘটবে। দেশের মানুষ ফিরে পাবে কাঙ্খিত গনতন্ত্র, বেঁচে থাকার অধিকার, শান্তি ও স্থিতিশীলতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

তিনি বলেন, নতুন বছর আমাদের জন্যে নিয়ে আসবে মুক্তির সুবাতাস। বাংলাদেশ আবারো পৃথিবীর বুকে তার নিজস্ব মহিমা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। নতুন বছরে মানুষের হতাশা ও বঞ্চনার অবসান ঘটবে - এটাই আমার প্রত্যাশা।

ইংরেজী নববর্ষ উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একথা বলেন।

তিনি বলেন, নববর্ষের শুভলগ্নে নতুন বছরে সবার জীবন সুখ,শান্তি ও আনন্দে সমৃদ্ধ হয়ে উঠুক।

শেখ হাসিনা বলেন, বিগত বছরের বহু তিক্ততা, ক্ষোভ ও বেদনাদায়ক ঘটনা আমাদের জাতীয় জীবনকে বিপর্যস্ত করেছে। সন্ত্রাস, বোমাবাজি ও জঙ্গিবাদ কেড়ে নিয়েছে বহু মূল্যবান জীবন।

আওয়ামী লীগ প্রধান বলেন, দেশের প্রতিটি মানুষ আজ অধিকারহীন। গনতন্ত্র বিপন্ন। বিপর্যস্ত মানবতা। সরকার আইনের  শাসন ও সুশাসনকে নির্বাসিত করেছে। উন্নয়নের সকল পথ রুদ্ধ। নতুন প্রজন্মের বিকাশ ও সম্ভাবনার সকল দুয়ার বন্ধ।

তিনি বলেন, বিএনপিÑ-জামাত জোট সরকারের সন্ত্রাস, রাজনৈতিক নিপীড়ন, হত্যা, দুর্নীতি, দলীয়করণ ও সংখ্যালঘু নির্যাতনের ধারাবাহিকতা ২০০৫ সালেও মানুষের জীবনকে দূর্বিসহ করেছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি জীবনযাত্রাকে করেছে বিপর্যস্ত।

শেখ হাসিনা বলেন, বিএনপি-Ñজামাত জোটের সন্ত্রাসীরা বিগত বছরে হত্যা করে সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া, সাংবাদিক গৌতম দাসসহ অনেককে।

তিনি বলেন, ১৭ আগস্ট দেশব্যাপী ৫০০ স্থানে সাম্প্রদায়িক জঙ্গি সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটায়। পরবর্তী পর্যায়ে বোমা মেরে  তারা বিচারক, আইনজীবী, পুলিশ, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষসহ অনেককে হত্যা করে। উত্তরাঞ্চলে দূভিক্ষে প্রাণ হারায় বহু মানুষ। সার, ডিজেল ও বীজ সংকটে কৃষকরা দিশেহারা। দূর্নীতিতে বাংলাদেশ আবারও প্রথম হয়েছে। আন্তজার্তিক অঙ্গনে বন্ধুহীন হয়ে পড়েছে বাংলাদেশ।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক প্রতিটি মানুষের জন্য শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি প্রতিষ্ঠা। আমরা অশিক্ষিত, দরিদ্র ও দুঃশাসনমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। দক্ষ, সৃজনশীল ও উদ্যোগী মানব সম্পদের বিকাশ চাই।