ক্ষমতায় আসার এক ভাগ প্রস্তুতিও জেএমবি’র নেই: নিজামী
ক্ষমতায় আসার এক ভাগ প্রস্তুতিও জেএমবি’র নেই। নৈরাজ্য সৃস্টি করে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস করার মাধ্যমে অন্যপক্ষকে ক্ষমতায় আনতে চায় তারা।
জামায়াতে ইসলামী বাংলাদেশ--এর আমীর ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী বুধবার সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
তিনি বলেন, জেএমবি দেশের রাজনৈতিক ক্ষমতার ওপর বহিঃশক্তির হস্তক্ষেপের সুযোগ সৃস্টি করে দিতে চায়। তারা বোমা কালচারের মাধ্যমে আগামী সাধারণ নির্বাচন ভণ্ডুল করতে চায়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-- জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, অধ্যাপক মুজিবুর রহমান, মহানগরের সাবেক আমীর মমিনুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।
মতিউর রহমান নিজামী বলেন, জোট সরকারকে অকার্যকর ও ব্যর্থ প্রমাণ, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে চিহ্নিত, দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক রাজনীতি ধ্বংস করার জন্যে বোমাবাজরা আত্মঘাতী হামলা চালাচ্ছে।
নিজামী জানান, যে কেউ, এমনকি তার দলের কেউ বোমা হামলার সঙ্গে জড়িত থাকলেও তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পক্ষে।
তিনি বলেন, বোমাবাজরা আদালত তথা বিচারপতি ও আইনজীবীদের বোমা হামলার টার্গেট করে দেশের বিচার ব্যবস্থার ওপর চরম আঘাত হেনেছে। তারা দেশ, জনগণ, গণতন্ত্র, ইসলাম ও মানবতার শক্র।
গাজীপুর ও চট্টগ্রামে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে নিজামী বলেন, কোন নবী সমাজ পরিবর্তনের জন্যে সশস্ত্র কর্মসূচি গ্রহণ করেননি।
তিনি বলেন, নীরিহ মানুষ হত্যা করে জান্নাতে যাওয়া যাবেনা। এটি জাহান্নামে যাওয়ার পথ।
এক প্রশ্নের উত্তরে নিজামী বলেন, গোপন তৎপরতায় যারা জড়িত রয়েছে, তাদের একশ’ ভাগ তথ্য জানা না থাকায় বলা যাচ্ছেনা, এরা কারা। তবে এটি পরিষ্কার এরা জনবিচ্ছিন্ন শক্তি।
তিনি আরো বলেন, আত্মঘাতী বোমা হামলা সন্ত্রাসে একটি নতুন সংযোজন। এর বিরুদ্ধে ঐকবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
