জামাত সমস্ত জঙ্গি সংগঠনের হোতা: মহাসমাবেশে তরিকত ফেডারেশন
তরিকত ফেডারেশনের মহাসমাবেশে দেশের বিভিন্ন স্থানে বোমা ও গ্রেনেড হামলার জন্য জামাতকে দায়ী করা হয়েছে। মহাসমাবেশ থেকে জামাতকে জোট সরকার থেকে বহিস্কারের আহ্বান জানানো হয়।
এতে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল প্রধান অতিথির বক্তব্যে বলেন, জামাত -- শিবির কোনো ইসলামী দল নয়। তারা এজিদের বংশধর। তাদের জোট থেকে বের করে না দিলে বিএনপিকে ডুবতে হবে।
তিনি বলেন, রাজাকার নিজামী ও মুজাহিদকে লালসবুজের পতাকা দিয়ে জোট সরকার ৩০ লাখ শহীদের রক্তের সাথে বেঈমানী করেছে। দেশে বিভিন্ন নামে যত জঙ্গি সংগঠন রয়েছে, জামাত তার সংগঠক। তারাই সকল জঙ্গি তৎপরতার হোতা।
বুধবার পল্টন ময়দানে বিভিন্ন মাজার, বিচারক ও রাজনৈতিক নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় দেড় মাস আগে তরিকত ফেডারেশন আত্মপ্রকাশ করে।
ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে জাকের পার্টির সহ -- সভাপতি আব্দুল কবীর, ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিব রেজাউল হক চাঁদপুরী, প্রেসিডিয়াম সদস্য সাইয়েদ বেলাল নূরী আল সুরেশ্বর।
জাকের পার্টির প্রধান মোস্তফা আমীর ফয়সল বলেন, জামাত ইসলাম প্রতিষ্ঠার জন্য নয়, নিজেদের ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য রাজনীতি করে। ইসলামের নামে তারা বিভিন্ন স্থানে বোমা হামলা করছে। আর সরকার তাদের মদদ দিচ্ছে।
তিনি দেশের বিরাজমান সংকট নিরসনের জন্য দুই নেত্রিকে এক টেবিলে বসার আহ্বান জানান।
নজিবুল বশর মাইজভান্ডারী বিরোধী দলীয় নেত্রির সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, অকার্যকর সংসদে থেকে কোনো লাভ নেই। বিজয়ের মাসের মধ্যেই সংসদ থেকে পদত্যাগ করুন। তরিকত ফেডারেশন বিরোধী দলকে সমর্থন দেবে।
