প্রধানমন্ত্রী বৃহস্পতিবার গড়াই সেতু উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার কুষ্টিয়ায় গড়াই সেতু ও একটি ২৫০ সজ্জাবিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করবেন। এ উপলক্ষে একদিনের সফরে কুষ্টিয়া ও কুমারখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরকালে একটি জনসভায় ভাষন এবং দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে ব্যস্ত সময় কাটাচ্ছে স্থানীয় প্রশাসন, দলীয় সংসদ সদস্য ও নেতাকর্মীরা।
নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নজরকাড়া সাজসজ্জার কাজও চলছে। এসএসএফ, র্যাব, সেনা গোয়েন্দা সংস্থাসহ নিরাপত্তা রক্ষাকারী সকল বাহিনীর সদস্যরা নিয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা।
সরকারী সফরসূচীতে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী ঢাকা থেকে কুষ্টিয়া ষ্টেডিয়াম মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরন করবেন। পৌছার পরপরই তিনি ১৩ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বর্ধিত নতুন ভবনের নামফলক উন্মোচন করে উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী এরপর সড়ক পথে যাবেন কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের গড়াই নদীর উপর ৩৭ কোটি ১৯ লাখ ৪৮ হাজার টাকা ব্যায়ে নব-নির্মিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর স্বপ্নের সৈয়দ মাছ-উদ-রুমী সড়ক সেতুর উদ্বোধন করতে। উদ্বোধনের পরপরই সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
পরে বিকেলে কুমারখালীর দূর্গাপুর হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কুষ্টিয়া শহর-শহরতলী এবং কুমারখালী উপজেলা জুড়ে চলছে বর্ণিল সাজসজ্জা। মনোরম সাজে সাজানো হয়েছে সেতু এলাকা। দেয়ালগুলোতে শোভা যাচ্ছে শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের পোষ্টার প্রতিকৃতি। দেয়ালে দেয়ালে লেখা রয়েছে নানান শ্লোগান।
তবে সেতু থেকে চালু হলে গড়াই ফেরি ও নৌকা ঘাটের দুই তীরের কোলাহল থেমে যাবে। ফেরি ও নৌকা চলাচলের কারনে দিনরাত এখানকার দুই তীরে ছিল প্রাণের স্পন্দন। অর্ধশত বছরের এ কোলাহল থেমে যাওয়ার অনিবার্য কারনে ফেরি ও নৌকা ঘাটের সঙ্গে সংশ্লিষ্ট শত শত মানুষ এখন হতাশ, বিমর্ষ।
