২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশী ধাওয়া, পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সারাদেশে ১৪ দলের ডিসি অফিস অবরোধ ও বিক্ষোভ পালন

পুলিশী ধাওয়া, পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে বুধবার আওয়ামী লীগসহ ১৪ দল সারাদেশে বুধবার জেলা প্রশাসক কার্যালয় অবরোধ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 06:03 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

কয়েকটি জেলা থেকে অবরোধ কর্মসূচি পণ্ড হওয়ারও খবর পাওয়া গেছে।

চাল ডাল তেল লবনসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো, বাজার তদারকির ব্যবস্থা, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ, গরিব, মধ্যবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষের জন্য রেশনিং চালু, উত্তরাঞ্চলে মঙ্গা ও দক্ষিণ--পশ্চিমাঞ্চলের জলাবদ্ধ অঞ্চলে কাজের ব্যবস্থা ও খাদ্যের নিরাপত্তা দাবি এবং বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।

ঢাকায় সকাল ১১ টায় আওয়ামী লীগসহ ১৪ দলের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে বাহাদুর শাহ্ পার্কে এসে জমায়েত হতে শুরু করেন। এখানে প্রায় দেড় ঘন্টার সমাবেশ শেষে তারা জেলা প্রশাসক কার্যালয়ের দিকে এগিয়ে যান।

এসময় পুলিশের বাধা উপেক্ষা করে কাঁটাতারের ব্যারিকেড ভেঙ্গে সামনে এগিয়ে যান তারা। পুলিশ ধাওয়া ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। অন্যদিকে বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এঘটনায় পুলিশসহ পাঁচজন আহত হয়। সাথে সাথে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বে এক দল নেতা কর্মী  পুলিশের বাধা উপেক্ষা করে বেরিকেড ভেঙ্গে জেলা জজ আদালতের পাশের রাস্তায় ঢুকে পড়েন। কিন্তু মূল প্রবেশ পথ বন্ধ থাকায় সেখানেই রাস্তার ওপর তারা অবস্থান নেন তারা।

অপর অংশটি ব্যারিকেডের বাইরে থেকে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। দুপুর সোয়া ১ টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন।

বিক্ষোভ মিছিল শেষে চাঁদপুর জেলা প্রশাসকের অফিসের সামনে চাঁদপুর কুমিল্লা সড়কে বেলা ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত দেড় ঘণ্টা অবস্থান ধর্মঘট ও অবরোধ কর্মসূচি পালন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি ড. শামসুল হক ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগসহ ১৪ দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

ফেনী প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার শহরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও দুই ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি চলাকালে ফেনী ফতেহপুর সড়কে যানজটের সৃষ্টি হয়। রাস্তা দুপাশে আটকে পড়া গাড়িগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা নিলে উত্তেজনা দেখা দেয়।

ফরিদপুরে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মসূচি চলে। কর্মসূচি চলাকালে ১৪ দলের জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা ১৪ দলের ২৩ দফা মেনে নেওয়ার দাবি জানান এবং সন্ত্রাস ও বোমাবাজির জন্য জামায়তকে দায়ী করেন।

নওগাঁয় ফের বোমা হামলার আশঙ্কায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও গাজীপুরে বোমা হামলার প্রতিবাদে আইনজীবীরা পৃথক সমাবেশ করেছে। এ সময় জেলার প্রধান সড়ক অবরোধ করে রাখার ফলে বিশাল যানজট দেখা দেয়।

নরসিংদিতে পুলিশি বাধার কারণে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে ১৪ দলের অবরোধ কর্মসূচি পালিত হয়। ১৪ দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদেও বাধা দেয়।

নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১৪ দলের নেতাকর্মীরা অবরোধ গড়ে তুলে। নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ মূল ফটকের সামনে মিছিলটিকে বাধা দেয়।

সিরাজগঞ্জে ১৪ দল বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশ তাদেও বাধা দেয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তার ওপর মিছিলকারীরা অবস্থান নেয় এবং অবরোধ কর্মসূচি চালিয়ে যায়।

বাগেরহাটে আওয়ামী লীগসহ ১৪ দল বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সকালে মিছিল সহ নেতা কর্মীরা জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দিতে আদালত এলাকায় গেলে পুলিশ তাদের আদালতের প্রধান ফটকে বাধা দেয়। পরে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

মুন্সীগঞ্জে র‌্যাব ও পুলিশের বাধার মুখে বুধবার ১৪ দলের জেলা প্রশাসকের কার্যালয় অবরোধ কর্মসূচী পন্ড হয়ে গেছে।

বেলা ১১টার দিকে শহরের পুরনো কাচারী থেকে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা জেলা প্রশাসক অফিসের দিকে যাওয়ার পথে দক্ষিণ কোটগাঁও মসজিদের কাছে র‌্যাব ও পুলিশ বাধা দেয়। পরে পাঁচজন নেতা স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কাছে যান। সেখান থেকে মিছিলসহকারে ফেরার পর দলের নেতাকর্মীরা পুরনো কাচারী চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করে। সভায় বক্তারা ঘেরাও কর্মসূচীতে বাধায় দেয়ায় নিন্দা জানান।

সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নেতা জামাল হোসেন, শহর আওয়ামী লীগের নেতা শাহ জামাল বাঘা, ছাত্রলীগের কেন্দ্রিয় নেতা মাহমুদ রিয়াদ প্রমুখ।

আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কক্সবাজারেও গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঘেরাও কর্মসূচী চলে। এসময় ১৪ দলীয় নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে অবস্থান গ্রহণ করেন।