নিজের বক্তব্য নিয়ে বিপাকে সিইসি, এড়িয়ে চলছেন সাংবাদিকদের
প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ আজিজ।
নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আলাদা করার প্রয়োজন নেই, এ বক্তব্য দিয়ে বিপাকে পড়েছেন তিনি।
একদিকে সকল দলের কাছে গ্রহণযোগ্যতা নষ্ট হওয়া এবং অন্যদিকে সরকারি দলের আস্থা হারানোর সঙ্কটে পড়ে তিনি এখন সাংবাদিকদের এড়িয়ে চলার সাধ্যমতো চেষ্টা করছেন। গত কয়েক দিন ধরে সাংবাদিকদের কাছ থেকে লিখিত প্রশ্ন নিয়ে লিখিত উত্তর দিচ্ছেন।
কমিশন জানায়, সিইসি লিখিত প্রশ্নের লিখিত উত্তর দেবেন। সরাসরি সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলবেন না।
নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্বস্ত না হলে ঢুকতে দেওয়া হচ্ছে না। দফায় দফায় ঝুট ঝামেলা পোহাতে হচেছ। এ জায়গায় পাশ, ও জায়গায় চেকসহ নানা জটিলতা।
সিইসি’র সঙ্গে অপর দুই নির্বাচন কমিশনারেরও বিরোধ রয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করাসহ বিভিন্ন ইস্যুতে তার সঙ্গে মতবিরোধ এখনও চলছে। এ পরিস্থিতিতে সিইসি কার্যত একা হয়ে পড়েছেন।
২৩ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আলাদা করার প্রয়োজন নেই । আর এ বক্তব্যের পরেই রাজনৈতিকসহ সকল মহলে সমালোচনার ঝড় ওঠে। পরে তিনি এ কথা বলেননি বলে প্রতিবাদও জানিয়েছেন।
