সারাদেশের আইনজীবীরা শোক দিবস পালন করছেন
গাজীপুর ও চট্টগ্রামে মঙ্গলবারের বোমা হামলায় নিহতদের স্মরণে সারাদেশের আইনজীবীরা বুধবার শোক দিবস পালন করছেন।
বিস্ফোরণে আইনজীবী, তাদের সহকারি (মুহুরি), মক্কেল ও পুলিশ সদস্য হতাহত হয়।
বিচার বিভাগকে লক্ষ্য করে নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন (জেএমবি)- এর আত্মঘাতী স্কোয়াডের হামলায় একজন আত্মঘাতী হামলাকরীও নিহত হয়েছে।
শোক দিবসে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কালো পতাকা উত্তোলন করে ও এর সকল সদস্য কালো ব্যাজ ধারণ করেছে।
বিভিন্ন জেলার বার অ্যাসোসিয়েশন সকালেই কালো পতাকা উত্তোলন করে। দেশের বিভিন্ন স্থানে আইনজীবীরা শোক মিছিল ও সমাবেশ করেছে।
আদালত প্রাঙ্গণে ঘৃণ্য এ হামলার প্রতিবাদে আইনজীবীরা বৃহস্পতিবার সারাদেশে সকাল--সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
আওয়ামী লীগ ও ১৪ দল এ হরতালকে সমর্থন জানিয়েছে।
আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সংগঠনও বৃহস্পতিবার হরতালের ডাক দেয়।
