২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও গাজীপুরে বোমা হামলা: দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড়

চট্টগ্রাম ও গাজীপুর আদালত প্রাঙ্গণে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 09:29 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বোমা হামলায় আটজন নিহত এবং কমপক্ষে ১০০ জন আহত হয়েছে। দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠন এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বোমা হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিবাদ সভা ও সমাবেশ আয়োজন করে। তারা বোমা হামলাকারী ও তাদের সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়। এছাড়া সমাবেশ থেকে নিহতদের আত্মীয়--স্বজন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর আওয়ামী লীগ শহীদ নূর হোসেন চত্বরে সমাবেশ ও মিছিল করে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সমাবেশে সভাপতিত্ব করেন।

তিনি বলেন, সরকারের প্রত্যক্ষ মদদে সারা দেশে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটছে।

তিনি বলেন, বোমা হামলাকারীরা সরকারের মধ্যেই আত্মগোপন করে আছে। এ সরকারকে ক্ষমতাচ্যুত করতে না পারলে দেশে শান্তি ফিরে আসবে না।

তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) ডাকা হরতালের প্রতি সমর্থন জানান এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে এ কর্মসূচি সফল করে তোলার আহ্বান জানান।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং হাবিবুর রহমান সিরাজ, সোহেল তাজ এমপি, ওমর আলী, ফয়েজউদ্দিন মিয়া, মকুল চৌধুরী, অ্যাড. কামরুল ইসলাম প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।

বোমা হামলার প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয় শ্রমিক লীগ সমাবেশ এবং মিছিল করে। শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র সমাবেশে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফজলুল হক মন্টু, আশরাফ আলী খান, আমিনুল হক ফারুক এবং সিরাজুল ইসলাম।

এছাড়া বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ, ঢাকা মহানগর শ্রমিক লীগ, বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজধানীতে পৃথক র‌্যালি ও সমাবেশ করে। তারা ১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) আহুত হরতালের প্রতি সমর্থন জানায়।

এদিকে সম্মিলিত আইনজীবী পরিষদ (এসএএসপি) এসসিবিএ ভবনে এক জরুরি বৈঠক করেছে। এসএএসপি’র আহ্বায়ক ব্যারিস্টার আমির--উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. আব্দুল বাসেত মাহমুদ, অ্যাড. মাহবুবে আলম, অ্যাড. শাহারা খাতুন, অ্যাড. সুব্রত চৌধুরী এবং অ্যাড. আব্দুস সালাম তালুকদার।

বৈঠকে ১ ডিসেম্বর সারা দেশে সকাল--সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ আইনজীবী পরিষদের মানবাধিকার আইন সহায়তা কমিটি এক বিবৃতিতে জানায়, সরকারের ছত্রছায়ায় মৌলবাদীরা বোমা হামলা চালাচ্ছে।

বোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এফবিসিসিআই তাদের এক বিবৃতিতে জানায়, যারা বোমা হামলা চালিয়েছে, তারা দেশ, রাষ্ট্র, গণতন্ত্র ও জাতীয় স্বার্থের শত্র“।

এফবিসিসিআই দেশের ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, জনগণের কল্যাণ ও গণতন্ত্র রক্ষার্থে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা প্রতিরোধে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ আইনজীবী ফোরাম (বিজেএএফ) আহ্বায়ক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এসসিবিএ ভবনের নর্থ হলে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ এক প্রতিবাদ সভা করেছে। তারাও নিহতদের প্রতি গভীর শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

বাংলাদেশ শ্রমবাদী দল (এমএল) এক বিবৃতি জানায়, চট্টগ্রাম ও গাজীপুরের বোমা হামলায় সরকারের ব্যর্থতা ও প্রশাসনিক দেওলিয়াপনা উন্মোচিত হয়েছে।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এ বোমা হামলার নিন্দা জানিয়েছে।

গাজীপুর, কুড়িগ্রাম, ফেনী, রংপুর ও রাজশাহী থেকে বিডিনিউজ প্রতিনিধিরা জানান, বোমা হামলার প্রতিবাদে সবকটি জেলার আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতি সভা সমাবেশ করেছে।