২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যারা বোমা মেরে মানুষ হত্যা করে তারা ইসলাম, দেশ ও মানবতার শত্র“ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, যারা বোমা মেরে মানুষ হত্যা করে তারা ইসলাম, দেশ ও মানবতার শত্র“। শান্তির ধর্ম ইসলাম মানুষ হত্যা সমর্থন করে না।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

প্রধানমন্ত্রী মঙ্গলবার দুপুরে পটুয়াখালী পিডিএস মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, সন্ত্রাসী সংগঠন জেএমবিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা ইসলামের নাম ব্যবহার করে ইসলামের ক্ষতি করছে।

খুনী ও সন্ত্রাসীদের ধরিয়ে দিলে পুরস্কৃত করা হবে বলে তিনি জনসভা থেকে ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী হুশিয়ারী উচ্চারণ করে বলেন, বোমাবাজ ও জঙ্গীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, যোগাযোগ মন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদা, পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, অর্থ প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী প্রমুখ।

প্রধানমন্ত্রী বলেন, গত চার বছরে ব্যপক উন্নয়ন ঘটেছে। এখন আর এ জেলাকে অবহেলিত বলা যাবে না।

তিনি বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আমরা সারাদেশে উন্নয়ন করেছি এবং করে যাব।

প্রধান বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। বিরোধী দলে থাকাকালে তারা জনগণের বিরুদ্ধে জ্বালাও পোড়াও এবং জনগণের সম্পদ ভাংচুর করে দেশের ক্ষতি করেছে। দেশের বাইরে কুৎসা রটিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তারা দেশের উন্নয়ন ও বিনিয়োগ বন্ধ করতে চায়।

এর আগে প্রধানমন্ত্রী এ এলাকার দীর্ঘ দিনের প্রতীক্ষিত পটুয়াখালী-বরিশাল মহাসড়কে ৩০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ নির্মিত পটুয়াখালী সেতুর উদ্বোধন করেন।