২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ৬ ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করবে

১৪ দলীয় বিরোধী জোটকে রাজনৈতিকভাবে মোবাবেলার জন্যে ক্ষমতাসীন বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

ডিসেম্বরের ৬ তারিখ বিএনপি নগরীর মুক্তাঙ্গনে সমাবেশ আয়োজন করবে এবং ১২ ডিসেম্বর সারা দেশের থানা ও উপজেলা পর্যায়ে মিছিল, সমাবেশ করবে।

সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ বৈঠকে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচি ঘোষণাকালে মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা বলেন, নির্বাচনের খুব বেশি দেরি নেই। আবার ক্ষমতায় যেতে হলে আমাদের এখন থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করতে হবে।

সভায় জানানো হয়, বিএনপির অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে-- ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়ের বাজার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং দুপুরে আলোচনা সভা, ১৫ ডিসেম্বর আরেকটি আলোচনা সভা।         

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি বিকেলে পল্টন ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এছাড়া বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ২১ ডিসেম্বর পল্টন ময়দানে মহাসমাবেশ আয়োজন করা হবে।

এ সমস্ত কর্মসূচি সফল করতে মহানগর বিএনপির সভাপতি এবং ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।