২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার পতন আন্দোলন এগিয়ে নিতে ৩১ ডিসেম্বর ঢাকায় যুব কনভেনশন

দেশের প্রগতিশীল গণতান্ত্রিক যুব সংগঠনগুলোর জাতীয় মোর্চা কেন্দ্রীয় যুব সংগ্রাম পরিষদ ৩১ ডিসেম্বর ঢাকায় যুব কনভেনশনের আয়োজন করবে। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সরকারবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনরত ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

আওয়ামী যুব লীগের চেয়ারম্যান ও যুব সংগ্রাম পরিষদ নেতা জাহাঙ্গীর কবির নানক সোমবার বিডিনিউজকে জানান, জোট সরকারের পতন এবং সশস্ত্র জঙ্গি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে চলমান আন্দোলন এগিয়ে নিয়ে দেশে প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সংগ্রামে এ কনভেনশন হবে বিশেষ গুরুত্বপূর্ণ।

তিনি জানান, দেশের সকল জেলা ও উপজেলা থেকে যুব সংগ্রাম পরিষদভুক্ত সকল যুব সংগঠনের নেতা--কর্মীরা কনভেনশনে অংশ নেবেন। এ অনুষ্ঠান থেকে যুব সম্প্রদায়ের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে দেশের যুব সমাজকে সংগঠিত হওয়ার জন্যে আহ্বান জানানো হবে।

তিনি বলেন, জঙ্গিবাদের মদদদাতা বিএনপি জামাত জোট সরকারের ওপর চাপ সৃষ্টির জন্যে বিশ্ব যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হবে এ কনভেনশন থেকে।

আওয়ামী যুব লীগ কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় যুব সংগ্রাম পরিষদের দু’দিনব্যাপী সভায় যুব কনভেশন অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা হয়।

এছাড়া ৯ ডিসেম্বর অনুষ্ঠেয় ১৪ দলের খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে যুব সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় দু’টি টিম ৫ থেকে ৭ ডিসেম্বর ওই বিভাগের ১০টি জেলা সফর করবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।