২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন থেকে লিখিত প্রশ্নোত্তর: সিইসি নির্বাচন ব্যবস্থার সংস্কারের পক্ষে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ রোববার জানিয়েছেন নির্বাচনী ব্যবস্থা ও আইনে সংস্কারের বিষয়টি নির্বাচন কমিশনের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

সাংবাদিকদের কাছ থেকে পূর্বে সরবরাহকৃত প্রশ্নের লিখিত জবাবে সিইসি আরও জানান, বিরোধী ১৪ দল আনুষ্ঠানিক ভাবে কমিশনের কাছে তাদের সংস্কার প্রস্তাব পেশ করলে তা বিবেচনা করা হবে।

স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় প্রসঙ্গে সিইসির সাম্প্রতিক মন্তব্যে ব্যাপক বিতর্ক সৃষ্টির প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার সিদ্ধান্ত নেন এখন থেকে মিডিয়ার সকল প্রশ্নের উত্তর তিনি লিখিতভাবে দেবেন।

সিইসি নতুন ভোটার তালিকা তৈরির প্রশ্নে তার সাথে অপর দুই নির্বাচন কমিশনারের যে  মতানৈক্য ও অসম্মতি রয়েছে তা অস্বীকার করেন।

নির্বাচন কমিশন অথবা নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে সিইসি জানান, তিনি নির্বাচন ব্যবস্থার সংস্কারের পক্ষে।

তিনি জানান, নির্বাচনী আইন সংস্কারে একটি প্রস্তাব তৈরির প্রক্রিয়া সক্রিয় বিবেচনাধীন রয়েছে এবং এ বিষয়ে যথাসময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, আজ পর্যন্ত তিনি ১৪ দলের কোন সংস্কার প্রস্তাব লিখিতভাবে পাননি। পেলে তা যথাযথ বিবেচনা করা হবে বলে তিনি জানান।

ভিন্ন এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, পূর্বতন নির্বাচন কমিশন এবং বিগত দিনের অভিজ্ঞতার আলোকেই আইন ও রীতিসম্মত ভাবে একটি নতুন ভোটার তালিকা প্রণয়ন করা হবে। তিনি জানান, এ বিষয়ে এক সভা ৬ আগস্ট অনুষ্ঠিত হয় এবং এই প্রস্তাবে অপর দুই কমিশনার তাদের সম্মতিও প্রদান করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজ আরও জানান ছবি সংযুক্ত ভোটার পরিচয়পত্রের বদলে ছবিসহ নতুন ভোটার তালিকা তৈরীর পরিকল্পনা কমিশনের রয়েছে। এছাড়া তিনি নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ করার পক্ষে মত প্রকাশ করেন।