২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পবিত্র হজ্জ্বকে কেন্দ্র করে সরকার নোংরা ব্যবসায় নেমেছে, প্রধানমন্ত্রী অবস্থান নিয়েছেন হজ্জ্বযাত্রীদের বিরুদ্ধে: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা,  আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, পবিত্র হজ্জ্বকে কেন্দ্র করে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত জোট সরকার অনৈতিক, নোংরা ব্যবসায় নেমেছে। ইসলাম রক্ষার কথা বলে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী খালেদা জিয়া শুধুমাত্র দুর্নীতি উদ্দেশ্যে নিরীহ হজ্জ্ব যাত্রীদের পবিত্র ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

তিনি রোববার এক বিবৃতিতে ধর্মপ্রাণ হজ্জ্বযাত্রীদের নিয়ে সরকারের ‘হজ্জ্ব ব্যবসা, দুর্নীতি ও চরম অব্যবস্থাপনা’র তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

শেখ হাসিনা বলেন, জোট সরকার হজ্জ্বযাত্রীদের পবিত্র ইচ্ছাকেও তাদের ব্যবসার জিম্মি করেছে।

তিনি বলেন, সৌদি সরকার এবার বাংলাদেশের ৬০ হাজার নাগরিককে হজ্জ্বে যাওয়ার ক্লিয়ারেন্স দিয়েছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ব্যালটি হিসেবে ২২ হাজার, আর বাদবাকি ৩৮ হাজার ব্যক্তির নন ব্যালটি হিসেবে  যাওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বার বার বিজ্ঞপ্তি প্রদানের পরও সরকারি হজ্জ্ব ব্যবস্থাপনায় আস্থা রাখতে না পেরে মাত্র ৮ হাজার হজ্জ্ব যাত্রী সরকারের কাছে আবেদন করেন। বাংলাদেশ বিমান ভাড়া বাবদ নির্ধারণ করে ৯৫০ ডলার। বেসরকারি কোম্পানিগুলোও নন ব্যালটি হজ্জ্বযাত্রীদের কাছ থেকে একই ভাড়া নেওয়ার ঘোষণা দেয়।

বিরোধী দলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য বলে খ্যাত তৎকালিন বিমান প্রতিমন্ত্রী মীর নাছির গত অক্টোবরে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর কাছ থেকে গোপনে যাত্রী পিছু ২০০ ডলার অবৈধ কমিশন গ্রহণের বিনিময়ে যাত্রী ভাড়া বৃদ্ধির সমঝোতা করেন।

তিনি বলেন, ভাড়া বৃদ্ধির এই আকস্মিক ঘোষণার পর হজ্জ্বযাত্রীদের চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে অবৈধ কমিশনের বখরা দেওয়ার সুবাদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া অক্টোবরের শেষ সপ্তাহে মীর নাছিরকে তার সঙ্গে ওমরাহ্ পালন করতে নিয়ে যান। ওমরাহ্ শেষে দেশে ফিরেই হজ্জ্বযাত্রী ভাড়া নির্ধারণ নিয়ে বিমান প্রতিমন্ত্রী রহস্যজনক নাটকের অবতারণা করেন। এক পর্যায়ে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পরার ভয়ে এবং মীর নাছিরকে রক্ষা করার জন্যে প্রধানমন্ত্রী তাকে পদচ্যুত করেন।

বিরোধী দলীয় নেতা আরও বলেন, পরিস্থিতি সামাল দিতে বিমান মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী ভাগ বাটোয়ারার বিনিময়ে জামায়াতিদের শরণাপন্ন হন এবং নন ব্যালটিদের বিমান ভাড়া ১০৫০ ডলারে পুনর্নির্ধারণ করেন। অথচ এই বর্ধিত ভাড়ার কোন যুক্তি নেই।