গলাচিপায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সুযোগ নেই: সাংসদ জাহাঙ্গীর
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসন্ন পটুয়াখালী ও গলাচিপা সফরকে কেন্দ্র করে স্থানীয় সাংসদ আখম জাহাঙ্গীর হোসাইনকে জড়িয়ে প্রকাশিত সংবাদে তিনি গভীর বিস্ময় প্রকাশ করেছেন।
রোববার এক বিবৃতিতে তিনি বলেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ বা স্থানীয় সংসদ সদস্য হিসেবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো সম্ভব নয়। আর আন্দোলনের কর্মসূচি বাতিল কিংবা রাজনৈতিকভাবে বিএনপিকে সহযোগিতা করার তো প্রশ্নই ওঠেনা। কারণ যে জোট সরকার বিরোধী দলের ওপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে, উগ্র জঙ্গি সাম্প্রদায়িক সন্ত্রাসীদের মদদ ও পৃষ্ঠপোষকতা করছে, সেই সরকারের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর কোনও সুযোগ নেই।
তিনি বলেন, তাছাড়া সৌজন্যের খাতিরেও প্রধানমন্ত্রীর দপ্তর বা জেলা--উপজেলা প্রশাসন থেকে স্থানীয় সাংসদ হিসেবে আমাকে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি। সেখানে আমার পক্ষ থেকে কিছু করার প্রশ্নটিই অবান্তর।
