বিরোধী দলের সাথে আলোচনায় প্রস্তুত সরকার: মান্নান ভূঁইয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, সংসদের বাইরে বিরোধী দলের সাথে যে কোনো ইস্যুতে আলোচনা করার জন্য সরকার প্রস্তুত।
ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে মিলন চত্বরে রোববার ১৫তম শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিরোধী দলের দাবি--দাওয়া আদায়ে তাদেরকে সরকারের সাথে বসে আলোচনা করার আহ্বান জানান তিনি। তিনি বিরোধী দলের প্রতি হরতাল, ধর্মঘটসহ ধ্বংসাত্মক কর্মকান্ড এড়ানোর আহ্বান জানান।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. এম এ হাদি সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, বরকতুল্লাহ বুলু, খায়রুল কবির খোকন, বিএমএ সেক্রেটারী ডা. জাহিদ হোসেন এবং শহীদ ডা. মিলনের মা বেগম সেলিনা আক্তার।
মান্নান ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জঙ্গিবাদের উত্থান হয়েছিলো। তারা এ ব্যাপারে নীরব ছিলো। কিন্তু বর্তমান সরকার কঠোরভাবে জঙ্গি দমন করবে।
তিনি আরো বলেন, বিরোধী দল সংসদ বর্জন করেছে, যা গণতান্ত্রিক কোনো পন্থা নয়। তিনি বিরোধী দলের প্রতি সংসদে যোগ দিয়ে তাদের দাবি পেশ করার আহ্বান জানান।
১৯৯০ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন গতিবেগ সঞ্চারিত হয়। এরই ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
