জঙ্গিবাদের জন্য বিরোধী দলকে দায়ী করলেন নাজমুল হুদা
যোগাযোগমন্ত্রী ব্যরিস্টার নাজুমুল হুদা দেশে ইসলামি জঙ্গিবাদের উত্থানের জন্য বিরোধী দল ও জামাত বিরোধী কয়েকটি ইসলামী সংগঠনকে দায়ী করেছেন।
শনিবার দোহার থানা বিএনপি আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত জঙ্গিবাদ থামবে না, বিরোধী দলের এ মন্তব্য ইঙ্গিত করে যে জঙ্গিবাদের উত্থানের পেছনে তাদের পৃষ্ঠপোষকতা রয়েছে।
তিনি আরও বলেন, জামাত বিরোধী কয়েকটি সংগঠন জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক এবং তারা জঙ্গিবাদ পরিচালনার জন্য যুবসমাজের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ কোনও আন্তর্জাতিক সন্ত্রাসের অংশ নয় বরং দেশের অভ্যন্তরীণ শাসন ক্ষমতা দখলে একটি মহলের রাজনৈতিক চক্রান্ত।
তিনি বলেন, চারদলীয় ঐক্যজোটের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে যাতে করে বিরোধী দল ক্ষমতায় আসতে পারে। বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে অনেক কিছু বলা হচ্ছে। এর মেয়াদ আগামী নির্বাচন পর্যন্ত।
নাজমুল হুদা বলেন, ‘জঙ্গিবাদ নীল নক্সার’ প্রধান উদ্দেশ্য চারদলীয় জোটে ভাঙন সৃষ্টি করা। তিনি দলীয় কর্মী ও জনসাধারণকে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
সাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে কামরুল হুদা, আলমগীর আলম, দালু খন্দকার বক্তব্য রাখেন।
