২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ও বিরোধী দলের সঙ্গে সংলাপ এখনও দুরাশা

সরকার ও বিরোধী দলের সংলাপের ব্যাপারে কার্যত কোনও অগ্রগতি নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 12:33 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জানান, দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এ ব্যাপারে ভালো বলতে পারবেন।

কিন্তু সংলাপ সম্পর্কে জানতে চাইলে বিএনপি’র মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এ ব্যাপারে সরাসরি কোনও জবাব দেননি।

কবে, কীভাবে বিএনপি বিরোধী দলের কাছে সংলাপ প্রস্তাব পাঠাবে, এ প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের ‘পরের দিন’ আসতে বলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ রোববার বিষয়টি নিয়ে আলোচনায় বসতে পারেন।

সংসদের ভেতর ও বাইরে যে কোনও জায়গায় আমরা বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে রাজি, সংসদে মান্নান ভূঁইয়ার এ উক্তির পর সরকার ও বিরোধী দলের সংলাপ ইস্যুটি আলোচনায় উঠে আসে।

সমন্বিত বিরোধী দলের প্রধান দাবি হলো-- তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেন, ১৪ দলীয় বিরোধী জোট সরকারের কাছ থেকে সংলাপের ব্যাপারে এখনও কোনও প্রস্তাব পায়নি।

সরকারের সাথে আলোচনায় বসবেন কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি নির্ভর করছে কী ধরনের প্রস্তাব আসছে, তার ওপর।

তিনি বলেন, সরকার যদি সত্যিকার অর্থে আলোচনা করতে চায় তাহলে তারা প্রস্তাব পাঠাবে।

সিলেট থেকে আবদুল জলিল বিডিনিউজকে বলেন, প্রথমে তাদের প্রস্তাব আসুক, তারপর আমরা আমাদের নেত্রী শেখ হাসিনাসহ ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করবো।

১৪ দলের আহ্বায়ক ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, তারা সরকারের কাছ থেকে কোনও ধরনের প্রস্তাব পাননি।

তিনি বলেন, তারা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনওভাবেই আমাদের সাথে যোগাযোগ করেনি।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু জাতীয় সংসদে দেওয়া মান্নান ভূঁইয়ার বক্তব্যকে ‘কথার কথা’ বলে উল্লেখ করেন।

তিনি বিডিনিউজকে বলেন, তারা যদি সত্যিকার অর্থে এ ব্যাপারে আগ্রহী হতো, তাহলে তারা আমাদের লিয়াজোঁ কমিটির আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করতো।

২২ নভেম্বর ১৪ দলের মহাসমাবেশে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন পদ্ধতি সংস্কারসহ ২৩ দফা জাতীয় ন্যূনতম কর্মসূচি ঘোষণা করার পর বিএনপিও ২১ ডিসেম্বর মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।