নিয়ম রক্ষার সংসদ অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে
শুধু নিয়ম রক্ষার জন্যে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে বসা অষ্টম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। মাত্র পাঁচটি কার্যদিবস চলে এ অধিবেশন।
অধিবেশনের সমাপনী ভাষণে স্পীকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বিরোধী দলীয় সদস্যদের সংসদীয় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আগামী অধিবেশনে যোগ দেওয়ার উদাত্ত আহবান জানান।
তিনি বলেন, নিজ নিজ নির্বাচনী এলাকার জনগণের পবিত্র আমানতের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন দাবি--দাওয়ার বিষয়ে সংসদে এসে বক্তব্য রাখার মাধ্যমে নিজেদের কর্তব্য সম্পাদনে এগিয়ে আসুন।
তিনি অবশ্য উল্লেখ করেন, তার উদাত্ত আহবান সত্ত্বেও আওয়ামী লীগ এর আগের অধিবেশনে যোগদান করেনি।
২০ নভেম্বর সংসদের এ অধিবেশন বসে। এতে শুরুর দিন থেকেই মন্ত্রীসহ সাংসদরা কার্যপ্রণালী বিধির লংঘন করে ইচ্ছে মতো বক্তব্য রাখেন বলে অভিযোগ করা হয়েছে।
এমনকি খোদ স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধেও কার্যপ্রণালী বিধি লংঘনের অভিযোগ করেছেন বিরোধী দলের উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ।
স্পিকার অধিবেশনের উদ্বোধনী দিনেই কার্যপ্রণালী বিধি লংঘন করে প্রশ্নোত্তর পর্বের আগে পয়েন্ট অব অর্ডারে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে সার্ক সম্মেলনের ওপর বক্তব্য রাখার সুযোগ দেন। ওই সুযোগে আরো কয়েকজন মন্ত্রী ও সাংসদ একই বিষয়ে বক্তব্য করেন।
ওই দিন স্পিকার জমিরউদ্দিন সরকার রেওয়াজ ভেঙ্গে নবনির্বাচিত নয়জন মহিলা সাংসদকে সংসদে পরিচয় করিয়ে দেওয়া থেকে বিরত থাকেন। আওয়ামী লীগ নির্বাচন বর্জন করায় শূন্য থাকা আসনে ওই নয় সাংসদ বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি থেকে নির্বাচিত হন। অবশ্য পরদিন অধিবেশন শুরু হলে তিনি তাদের সংসদে পরিচয় করিয়ে দেন।
চলতি অধিবেশনে প্রথমবারের মতো ৩৪৪ জন সাংসদ নিয়ে সংসদ শুরু হয়। জামায়াতে ইসলামীর সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল কাফির মৃত্যুতে দিনাজপুর--১ আসনটি শূন্য রয়েছে।
চলতি সংসদের অধিবেশনে ৪৫ জন মহিলা সাংসদও কোরাম সংকট কাটাতে পারেননি। কোরাম পূরণ না হওয়ায় বুধবার বিকেলে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর ৪টা ১০ মিনিটে অধিবেশন শুরু হয়। ওই সময় সংসদে মাত্র ৫৭ জন সদস্য উপস্থিত ছিলেন। এর মধ্যে ৩৩ জন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সাংসদ। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় সংসদের বৈঠক মুলতবির সময় উপস্থিত সদস্যের সংখ্যা ছিল মাত্র ৪৫ জন।
চলতি সংসদের সবচেয়ে আলোচিত বিষয় ছিল সংবাদপত্রের বিরুদ্ধে বিষোদগার ও সাংবাদিকদের নিয়ন্ত্রণে আইন প্রণয়নের দাবি। এ নিয়ে মঙ্গল ও বুধবার-- দু’দিন সংসদে আলোচনা হয়।
বুধবার জামায়াতে ইসলামীর সাংসদ শাহ রুহুল কুদ্দুস পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংবাদপত্রের ওপর নিয়ন্ত্রণ আরোপের জন্যে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান। তিনি বলেন, এখনকার সাংবাদিকরা অবাধে হলুদ সাংবাদিকতা করছেন। অথচ তাদের নিয়ন্ত্রণের কোনও আইন নেই।
পরে স্পিকার জমিরউদ্দিন সরকার এ ব্যাপারে রুলিং দেন। রুলিংয়ে তিনি কঠোর আইন প্রণয়নের দাবিকে পরোক্ষভাবে সমর্থন করে বলেন, আগে প্রেস কাউন্সিল আইনে সাংবাদিকদের নোটিশ দেওয়া হলে তারা অপমান ও লজ্জা বোধ করতেন। এখনকার সাংবাদিকদের লজ্জাবোধও নেই। তাদের নিয়ন্ত্রণের জন্যে কঠোর আইন প্রণয়ন করা দরকার।
এর আগে মঙ্গলবার একই ইস্যুতে আলোচনায় অংশ নেন প্রতিমন্ত্রী আলমগীর কবির, সাংসদ মঞ্জুর কাদের, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
চলতি সংসদে চারটি বিল সংসদীয় কমিটিতে যাচাই--বাছাইকৃত আকারে উত্থাপন করা হয়। এছাড়া কয়েকটি বিল সংসদে উত্থাপনের পর বিভিন্ন মেয়াদে সংসদীয় স্থায়ী কমিটিতে যাচাই--বাছাইয়ের জন্যে পাঠানো হয়।
এছাড়া বুধবার স্পিকার বিভিন্ন দলের সাংসদের আনা ৬২ বিধির ২৯টি মুলতবি প্রস্তাবের নিষ্পত্তি করেন। তিনি বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে আনা ওইসব নোটিশের সবগুলোই নাকচ করে দেন।
