সাংবাদিকদের বিরুদ্ধে কালো আইন প্রতিরোধ করা হবে: আব্দুল জলিলের ঘোষণা
জাতীয় সংসদে বসে সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার এবং সাংবাদিকদের ‘স্বাধীনতা ও কণ্ঠরোধের’ উদ্দেশ্যে শাস্তির বিধান করে আইন করার প্রস্তাবের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও ১৪ দল। ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এ ধরণের ‘কালো আইন’ প্রতিরোধের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে আব্দুল জলিল এমপি সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অগণতান্ত্রিক ও বিবেক বর্জিত এ পদক্ষেপ দেশ ও জাতির জন্যে শুভ লক্ষণ নয়। সাংবাদিক নিপীড়ন ও শাস্তি বিধানের লক্ষ্যে কোন কালো আইন করা হলে তা প্রতিরোধ করা হবে।
তিনি বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ বিএনপি জামাত জোট সরকার সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে অত্যাচার নির্যাতন করছে। অত্যাচারি এ সরকারের বিরুদ্ধে অনাস্থা স্থাপন করায় জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে জোট সরকার। সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার ও শাস্তি দিতে আইন প্রণয়নের হুমকি দিয়ে তারা আরেকটি নজির স্থাপন করলো।
আব্দুল জলিল বলেন, এ সরকারের চার বছরে ১৪ জন সাংবাদিককে জীবন দিতে হয়েছে। সাংবাদিকদের ওপর চলছে এক পর এক নগ্ন হামলা। এতেও তারা ক্ষান্ত হয়নি। জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকারের মন্ত্রী এমপিরা সাংবাদিকদের বিরুদ্ধে শুধু বিষোদগারই নয়, কলম বন্ধ ও কণ্ঠরোধ করতে নতুন আইন করে শাস্তি বিধানের প্রস্তাব করেছেন। আর প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী বেগম খালেদা জিয়া স্বয়ং টেবিল চাপড়িয়ে প্রস্তাবকে স্বাগত জানিয়ে তাদের উৎসাহিত করেছেন।
তিনি বলেন, সরকারের এ বিবেক বর্জিত পদক্ষেপের কারণে উৎসাহিত হয়ে পুলিশ আজও (বৃহস্পতিবার) সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে।
আব্দুল জলিল বলেন, সাংবাদিকরা কাজ করবে স্বাধীনভাবে। আর স্বাধীন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আপনারা কলম চালিয়ে যান। অত্যাচারি সরকার কোনও নিপীড়ন করলে আপনাদের পাশে থেকে আমরা তা প্রতিহত করবো।
আগামীতে ক্ষমতায় গেলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে সাংবাদিকদের প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে বলেও ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এসময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর এমপি ও মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উপস্থিত ছিলেন।
