বৃহস্পতিবার ১৪ দলের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল
আওয়ামী লীগসহ ১৪ দলের দেশব্যাপী সকাল--সন্ধ্যা হরতাল বৃহস্পতিবার। বিরোধী দলের এ হরতাল মোকাবেলা করতে ও সহিংসতা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
মঙ্গলবারের মহাসমাবেশে বাধাদান, দেশব্যাপী গণগ্রেপ্তার, অত্যাচার নির্যাতন হয়রানির প্রতিবাদ ও জোট সরকারের পদত্যাগ দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঐতিহাসিক পল্টন ময়দানে ১৪ দলের মহাসমাবেশ থেকে বৃহস্পতিবারের হরতালসহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।
হরতাল সফল করতে আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিভিন্ন সংগঠন বুধবার নগরীতে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে।
এ সকল সমাবেশ থেকে হরতাল সফল করে সরকার পতন আন্দোলনকে এগিয়ে নিতে বিরোধী দলের নেতা কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
বুধবার বিকেলে নগরীর মুক্তাঙ্গনে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হরতালের পক্ষে মিছিল বের করা হয়।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ হরতালের সমর্থনে নগরীতে পৃথক মিছিল বের করে।
এদিকে বিরোধী দলের হরতালে বৃহস্পতিবার রাজধানীতে মোতায়েন করা হবে পাঁচ হাজার পুলিশ। এছাড়া নিয়োজিত থাকবে এপিবিএন, বিডিআর, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্য।
হরতালকে সামনে রেখে ইতোমধ্যে রাজধানীর সকল প্রবেশমুখসহ নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
