২৪ নভেম্বর সকাল-সন্ধ্যা হরতালসহ জানুয়ারি পর্যন্ত ১৪ দলের লাগাতার কর্মসূচি
ঐতিহাসিক পল্টন ময়দানে মঙ্গলবার ১৪ দলের মহাসমাবেশে ২৪ নভেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালসহ আগামী ২২ জানুয়ারি পর্যন্ত ১৪ দল লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে।
মহাসমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বিএনপি-জামাত জোট সরকারের শাসনের অবসান, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারসহ কালো টাকা, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতামুক্ত অবাধ নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ের উদ্দেশ্যে গণঅভ্যুত্থান গড়ে তুলতে এ কর্মসূচি ঘোষণা করেন।
অন্যদিকে মহাসমাবেশে জনগণকে অংশগ্রহণে বাধাদান, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে আগামী ২৩ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও ২৪ নভেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়।
এছাড়া ১৪ দলের বিস্তারিত কর্মসূচির মধ্যে রয়েছে: আগামী ৯ ডিসেম্বর খুলনায় ও ২২ ডিসেম্বর রাজশাহীতে মহাবেশ এবং মহাসমাবেশকে কেন্দ্র করে বিভাগগুলোর জেলা-উপজেলায় সমাবেশ অনুষ্ঠান।
চাল, ডাল, তেল ও লবণসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্য কমানো, বাজার তদারকি ব্যবস্থা, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ, গরিব ও মধ্যবিত্ত এবং নির্দিষ্ট আয়ের মানুষের জন্যে রেশনিং ব্যবস্থা চালু, মঙ্গা কবলিত উত্তরাঞ্চলে ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধ অঞ্চলে খাদ্য এবং কাজের ব্যবস্থাসহ খাদ্যের নিরাপত্তা ব্যবস্থা গড়ার দাবিতে ৩০ নভেম্বর জেলা সমাবেশ ও অবরোধ।
উগ্র সশস্ত্র সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তির তৎপরতা বন্ধ, তাদের আশ্রয় দানকারী মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনিক কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জামাত-শিবির ও জঙ্গিদের প্রশিক্ষণ ক্যাম্প উচ্ছেদ, জাতীয় ও আন্তর্জাতিক অর্থের উৎস বন্ধ এবং সর্বোপরি সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনৈতিক প্রচার ও প্রচারণা বন্ধের দাবিতে ১১ ডিসেম্বর জেলা প্রশাসন কার্যালয় ঘেরাও।
বিদ্যুৎ, সার, বীজ, ডিজেল, কেরোসিনসহ কৃষি উপকরণের দাম কমানো, সরবরাহ নিশ্চিত করা এবং ধানসহ কৃষি পণ্যের মূল্য নিশ্চিত করার দাবিতে ২৭ ডিসেম্বর জেলা প্রশাসন কার্যালয় ঘেরাও।
২১ আগস্টের গ্রেনেড হামলা, ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলা, বৃটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলা, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া এমপি ও আহসান উল্লাহ মাস্টার এমপিসহ বিচারক, সাংবাদিক হত্যাসহ সকল হত্যা ও সন্ত্রাসী ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা ও জনজীবনে নিরাপত্তা বিধানের দাবিতে আগামী ৫ জানুয়ারি প্রত্যেক জেলায় মিছিল সমাবেশের আয়োজন।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারহ কালো টাকা, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতামুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ২২ জানুয়ারি ঢাকা অভিমুখে লংমার্চ।
সর্বোপরি স্বৈরাচারি দুর্নীতিবাজ, উগ্র সাম্প্রদায়িক ও জঙ্গিবাদীদের আশ্রয়দানকারী জোট সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশে অবস্থান ধর্মঘট (তারিখ পরে ঘোষণা করা হবে)।
