১৪ দলের ২৩ দফা জাতীয় অভিন্ন ন্যুনতম কর্মসূচি ঘোষণা
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের পল্টন ময়দানের মহাসমাবেশ থেকে মঙ্গলবার ২৩ দফা জাতীয় অভিন্ন ন্যুনতম কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারা ক্ষমতায় গেলে একটি সন্ত্রাস ও সাম্প্রদায়িকতামুক্ত গণতান্ত্রিক দেশ গঠনে এই কর্মসূচি বাস্তবায়ন করবেন বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।
মহাসমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের আহ্বায়ক আব্দুল জলিল এমপি ২৩ দফা কর্মসূচি পাঠ করেন। এসময় হাজার হাজার জনতা তুমুল করতালি দিয়ে ও দু’হাত তুলে এ কর্মসূচিকে স্বাগত জানায়। এসময় মহাসমাবেশের মঞ্চে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
১৪ দলের পক্ষ থেকে অসাম্প্রদায়িক ও মৌলবাদমুক্ত দেশ গড়া, সকল অপশক্তিকে সরকার ও প্রশাসন থেকে হটানো, যুদ্ধাপরাধীদের বিচার, সাম্প্রদায়িক ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা এবং বাক ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ প্রেসিডেন্ট শেখ হাসিনা মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত জনসমুদ্রের প্রতি জানতে চান তারা জাতীয় এ ন্যুনতম কর্মসূচির প্রতি সমর্থন জানাচ্ছেন কি না? উচ্ছসিত জনতা তাদের হাত তুলে চিৎকার করে এ কর্মসূচিতে তাদের সমর্থনের কথা জানান।
১৪ দলীয় জোট দেশের উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র অপশক্তি ও জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে সরকার ও প্রশাসনের সর্বস্তর থেকে ওই শক্তির অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, সাম্প্রদায়িক রাজনীতি ও প্রচারণা নিষিদ্ধ করা, ধর্ম, মুক্ত চিন্তা ও বিবেকের স্বাধীনতার উপর হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করার অঙ্গীকার ব্যক্ত করে।
ক্ষমতায় এলে জোট ১৫ জুলাই ঘোষিত অভিন্ন রূপরেখার ভিত্তিতে অত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কারসহ কালো টাকা, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতামুক্ত অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করা হয়। নেতৃবৃন্দ বলেন, এই সংস্কার প্রস্তাবের ভিত্তিতে নির্বাচন ছাড়া কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সে ধরনের কোন নির্বাচন জনগণ করতে দেবে না।
জাতীয় কর্মসূচি ঘোষণায় বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার করা হবে ও ইতিহাস বিকৃতি রোধ করে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রচনা করা হবে।
এতে অঙ্গীকার ব্যক্ত করা হয়, উদীচী থেকে শুরু করে ২১ আগষ্ট বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে আওয়ামী লীগের সমাবেশসহ রাজনৈতকি সমাবেশ, সিলেটে শাহজালাল (রঃ)-এর মাজার ও বৃটিশ হাই কমিশনার আনোয়ার চৌধূরীকে লক্ষ করে, সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সিলেটের মেয়র কামরানসহ নেতৃবৃন্দকে হত্যার প্রচেষ্টা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সিনেমা হল, ধর্মীয় প্রতিষ্ঠান- মসজিদ, মন্দির গীর্জা, মাজার ওরশে ধারাবাহিক বোমা ও গ্রেনেড হামলা, শাহ এসএমএস কিবরিয়া ও আহসান উল্যাহ মাস্টার হত্যাসহ সকল রাজনৈতিক হত্যাকান্ড এবং ১৭ আগস্টের দেশব্যাপী বোমা হামলার দায়ী ব্যক্তি ও গোষ্ঠীকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদের গ্রেফতার, জামাত- শিবির ও ধর্মীয় জঙ্গিবাদীদের প্রশিক্ষণ ক্যাম্প চিহ্নিত করে তার উৎপাটন করা হবে।
ঘোষণায় বলা হয়, প্রজাতন্ত্রের সকল ক্ষমতা ও সম্পদের মালিক জনগণ- এই নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠা করা হবে। আইনের শাসন আইনের নিরপেক্ষ ও কার্যকর প্রশাসন ও বিচার বিভাগের দলীয়করণ বন্ধ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি প্রদান, অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহাল, নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণের পর অনতিবিলম্বে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ করা হবে। এবং বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে।
কর্মসূচিতে আরো অঙ্গীকার ব্যক্ত করা হয় যে, জাতীয় সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করে কার্যকর করা হবে। এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এক বছরের মধ্যে জেলা- উপজেলাসহ সর্বস্তরের স্থানীয় সরকারের নির্বাচনের ব্যবস্থা করা হবে। স্বশাসিত স্থানীয় সরকারকে ক্ষমতায়ন করে শক্তিশালী ও কার্যকর করা হবে।
সন্ত্রাস বন্ধ, সন্ত্রাসী ও গডফাদারদের চিহ্নিত করে তাদের গ্রেফতার ও বিচার করার অঙ্গীকার ব্যক্ত করে কর্মসূচিতে বলা হয়, তাদের কোনওক্রমেই রাজনৈতিক দলে গ্রহণ করা ও মনোনয়ন দেওয়া যাবে না। রাজনীতির দুর্নীতি ও দুবৃত্তায়ন বন্ধ করে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে দেশে একটি সুষ্ঠু রাজনীতির ধারা প্রতিষ্ঠারও অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এতে আরও বলা হয়, রাষ্ট্র ও সমাজের সকল স্তরে দুর্নীতি উচ্ছেদ করতে মন্ত্রী, এমপিসহ সকল দলের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি আমলাদের সম্পত্তির প্রকাশ্য হিসাব ও তার নিয়মিত তদারকির ব্যবস্থা করা হবে। দুর্নীতিদমন কমিশনের স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করার অঙ্গীকার করে কর্মসূচির ঘোষণায় বলা হয়, ঋণ খেলাপী ও দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ অসদুপায়ে অর্জিত সকল অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
চাল-ডাল-তেলসহ দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করা হয় এ কর্মসূচিতে। এ লক্ষ্যে একটি ‘মূল্য নিয়ন্ত্রণ কতৃপক্ষ’ প্রতিষ্ঠা করা হবে বলে জানানো হয়। এছাড়া নিয়মিত বাজার তদারকি, পণ্য পরিবহনে রাস্তায় চাঁদাবাজি বন্ধ, ভোক্তা অধিকার সংরক্ষণে আইন প্রণয়ন, গরীব ও মধ্যবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, বিদ্যুৎ, গ্যাস, পয়ঃনিষ্কশনসহ সকলপ্রকার সেবার মূল্য স্থিতিশীল রাখা হবে। এতে আরও বলা হয় উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতা পরিস্থিতি ও দেশের অন্যান্য অঞ্চলের খাদ্য ও কাজের অভাব কার্যকরভাবে মোকাবিলা করা হবে ও জনগণের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সমাবেশে বলা হয়, বন্ধ কল কারখানা চালু, পাট, চিনি ও গার্মেন্টস শিল্প রক্ষা ও বিকাশের জন্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ, মালিকানা নির্বিশেষে শ্রমিকদের জীবন ধারণের মতো জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা ও তার বাস্তবায়ন, অসংগঠিত শ্রমিকদের জন্যে আইন প্রণয়ন ও ছাঁটাই বন্ধ করা, আইএলও’র কোর কনভেনশন বাস্তবায়নের জন্যে কার্যকর ও র্অথবহ পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও নেতৃবৃন্দ সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে দেশী-বিদেশী বিনিয়োগের পরিবেশ সৃষ্টি ও সহায়তা প্রদানের পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেন।
নেতৃবৃন্দ দারিদ্র নিরসনে জাতীয় কার্যকম গ্রহণের কথা বলেন। পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া বস্তিবাসী, হকার, রিক্সা-ভ্যান চালকদের উচ্ছেদ করা হবে না। ভূমিহীন, নদীভাঙ্গা ও বাস্তুহারাদের খাস জমিতে পুর্নাসন, তাদের আবাসনসহ মৌলিক পরিসেবা নিশ্চিত করা হবে। অন্যদিকে বাজেটে দারিদ্র বিমোচনের বরাদ্দ নির্দিষ্ট থাকবে।
গ্রাম-শহর, শিক্ষিত-নিরক্ষর নির্বিশেষে সকল কর্মক্ষম নাগরিককে নিবন্ধন করা হবে। প্রত্যেক পরিবারের একজন কর্মক্ষম যুবককে কর্মসংস্থানে জন্য ‘এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম’ সহ বেকারত্ব দূর করার বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হবে।
কৃষি উপকরণের মুল্য হ্রাস ও উৎপাদিত ফসলের নায্যমুল্য নিশ্চিতকরণ, কৃষিতে ভর্তুকি প্রদান, কৃষি পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ, কৃষিশ্রমিক ও ক্ষেতমজুরদের কাজ ও মজুরি ব্যবস্থা করাসহ ভূমি ব্যবস্থার সংস্কার করা হবে।
নেতৃবৃন্দ বলেন, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রিয়, সামাজিক ও আর্থিক মর্যাদা প্রদান করা হবে।
১৯৯৭ সালের নারী উন্নয়ণ নীতি পুনর্বহাল করে রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত ও শিক্ষাগতভাবে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। লিঙ্গ বৈষম্য দূরীকরণের ব্যবস্থা নেয়া হবে। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সরাসরি নির্বাচনসহ সকল নির্বাচিত প্রতিষ্ঠানে নারীর প্রতিনিধিত্ব সম্প্রসারণ করা হবে।
শিক্ষাবিদ, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, সাংবাদিক ও আইনজীবীসহ সকল পেশাজীবীদের ন্যায়সঙ্গত ২১ দফা দাবি বাস্তবায়ন করা হবে।
মাধ্যমিক স্তরে জোট সরকার প্রবর্তিত তথাকথিত ‘একমুখী’ শিক্ষাক্রম বাতিল করে সংবিধানের বিধান অনুযায়ী একই পদ্ধতির বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। শিক্ষার বাণিজ্যিকিকরণ, দুর্নীতি ও শিক্ষাঙ্গণে সন্ত্রাস বন্ধ করা হবে। শিক্ষাকে বিশ্ব মানসম্পন্ন করা হবে। অবৈধভাবে চাকরিচ্যুত শিক্ষক ও কর্মচারিদের পুনর্বহাল, বন্ধকৃত কারখানা শ্রমিকদের বেতন-ভাতা-ছাড় ও আর্থিক সুবিধা পুনর্বহাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধ করা হবে।
সকলের জন্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার চালু করা হবে। আর্সেনিক দুষণ, এইচআইভি সংক্রমণসহ সকল সংক্রামক ব্যাধির প্রতিরোধ ও প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদপত্র ও রেডিও টেভিশিণকে সরকারের নিয়ন্ত্রণমুক্ত করে পুর্ণ স্বাধীনতা প্রদান, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা এবং প্রয়োজণীয় আইন প্রনয়ণ, সকল প্রকার অপ সংস্কৃতির আগ্রাসন রোধ, সাংস্কৃতিক স্বাধীনতা, অসম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনা এবং বাঙ্গালি সংস্কৃতির বিকাশকে উৎসাহিত করা হবে।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বাস্তবায়ন, পার্বত্য সমতলে আদিবাসীদের স্বীকৃতি প্রদান, সংখ্যালঘুদের স্বার্থ বিরোধী সকল প্রকার বৈষম্যমুলক আইন বাতিল ও আচরণ বন্ধ করা, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কঠোর আইন প্রনয়ন ও শাস্তির ব্যবস্থা করা হবে।
বাংলাদেশের গ্যাস, কয়লাসহ খনিজ সম্পদের জাতীয় স্বার্থে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, স্বচ্ছ জাতীয় নীতির অধীনে দেশি-বিদেশি বিনিয়োগের ব্যবস্থা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে। বন্দরের ব্যবস্থাপনাকে দক্ষও আন্তর্জাতিক মানে উন্নিত করা হবে। চট্টগ্রাম ও মংলা বন্দরকে দক্ষিণ এশিয়ার বন্দরে পরিণত করা হবে।
আন্তর্জাতিক নদীর পানি বন্টন, পানি ব্যবস্থাপনা, পানি নিয়ন্ত্রণ, পানি বিদ্যুৎ উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার উপর জোর দিয়ে এ ক্ষেত্রে বিরাজমান সমস্যা সমূহ সমাধানের উদ্যোগ নেয়া হবে।
জনগণের অংশগ্রহণ ও আলোচনার মাধ্যমে জাতীয় প্রতিরক্ষা নীতি প্রনয়ন ও কার্যকর করা হবে।
বাণিজ্য বৈষম্য হ্রাস ও আন্ত সীমান্ত সন্ত্রাসী তৎপরতা বন্ধ, সীমান্তে শান্তিসহ আঞ্চলিক সহযোগিতার নীতি দৃঢ়ভাবে অনুসরণ করা হবে।
আন্তর্জাতিক ক্ষেত্রে ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ এই নীতির আলোকে স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করা হবে।
