আওয়ামী লীগ এবং ১৪ দল বৃহস্পতিবার দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মহাসমাবেশ বানচালের প্রচেষ্টার প্রতিবাদে আওয়ামী লীগ এবং এর সহযোগী দলগুলো বৃহস্পতিবার দেশব্যাপী সকাল--সন্ধ্যা হরতাল ডেকেছে।
মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ১৪ দলের সাথে এক বৈঠকে মিলিত হয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
দলীয় সূত্র জানায়, এ বৈঠকে মঙ্গলবার দুপুরে পল্টনের মহাসমাবেশ থেকে সরকার বিরোধী কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সুধা সদনে সকাল ১১টা থেকে প্রায় ঘন্টাব্যাপী এ বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ আব্দুল জলিল, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, সাজেদা চৌধুরী, ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন এবং বিমল বিশ্বাস, জাসদ নেতা হাসানুল হক ইনু, শিরীন আখতার, মঈনুদ্দিন খান বাদল, সৈয়দ জাফর সাজ্জাদ এবং গণ ফোরাম নেতা সফিউদ্দিন আহমেদ মানিক।
