মহাসমাবেশে যোগ দিতে পল্টনের পথে হাজার হাজার মানুষ
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মহাসমাবেশে যোগ দিতে হাজার হাজার মানুষ ঐতিহাসিক পল্টন ময়দানে আসতে শুরু করেছে। মঙ্গলবার বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে।
আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা সমাবেশকে সফল করতে অনুষ্ঠান স্থলে এসে পৌঁছাতে শুরু করেছে। মহাসমাবেশের ঘোষণার ব্যাপারে আওয়ামী লীগ সভানেত্রীর সভাপতিত্বে ১৪ দলের একটি জরুরী বৈঠক শুরু হয়েছে।
চলমান সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে শেখ হাসিনা মহাসমাবেশ থেকে ৪৮ ঘন্টার হরতালসহ নতুন করে কর্মসূচি ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।
সরকার ১৪ দলের মহাসমাবেশ বানচাল করতে সোমবার এক শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে উস্কানি দেয়। ওই দিন সকাল থেকেই দেশের উত্তরাঞ্চলে শুরু হয় পরিবহন ধর্মঘট।
এদিকে আকস্মিক ধর্মঘটের কারণে সারাদেশে যাত্রী সাধারণকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধর্মঘটের কারণে আন্তঃজেলা বাস সার্ভিস এবং নগরীর ভেতরে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে।
ধর্মঘটের কারণে আন্তঃজেলা বাসগুলো মঙ্গলবার ঢাকা ত্যাগ করেনি। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালীসহ অন্যান্য বাস টার্মিনালগুলোতে যাত্রীদের প্রচণ্ড ভিড় লক্ষ করা যায়।
মঙ্গলবারের মহাসমাবেশে সংঘর্ষের আশঙ্কায় নগরীতেও বাস চলাচল খুবই কম।
অন্যদিকে মহাসমাবেশ উপলক্ষে সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। অনাকাঙ্খিত কোনও ঘটনা যাতে না ঘটতে পারে সেজন্য মহাসমাবেশ স্থল পল্টন ময়দানে ছয় স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সরকার রাজধানীতে ২০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে শুধু পল্টন ময়দানেই চার হাজার সদস্য মোতায়েন করা হয়েছে বলে সংশি¬ষ্ট সূত্র জানায়।
