কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে ১৪ দলের মহাসমাবেশ
আকস্মিক পরিবহন ধর্মঘট, দেশব্যাপী জনগণের উদ্বেগ উৎকণ্ঠা এবং ছয় স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ১৪ দলের বহুল আলোচিত মহাসমাবেশ কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মহাসমাবেশ থেকে সরকার পতনের কর্মসূচি হিসেবে ৪৮ ঘন্টার হরতালসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করতে পারেন।
সরকার ১৪ দলের মহাসমাবেশ বানচাল করে দিতে শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে উস্কানি দিতে সোমবার এক শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে। ওই দিন সকাল থেকেই দেশের উত্তরাঞ্চলে শুরু হয় পরিবহন ধর্মঘট।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান এমপি বিডিনিউজকে বলেন, পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে পরিবহন শ্রমিক নেতা মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। যাতে করে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে এবং অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দেয়। এতে করে মহাসমাবেশে যোগ দেওয়ার ক্ষেত্রে বাঁধার সৃষ্টি হবে।
এদিকে আকস্মিক ধর্মঘটের কারণে সারাদেশে যাত্রী সাধারণকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধর্মঘটের কারণে আন্তঃজেলা বাস সার্ভিস এবং নগরীর ভেতরে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে।
ধর্মঘটের কারণে আন্তঃজেলা বাসগুলো মঙ্গলবার ঢাকা ত্যাগ করেনি। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালীসহ অন্যান্য বাস টার্মিনালগুলোতে যাত্রীদের প্রচণ্ড ভিড় লক্ষ করা যায়।
অন্যদিকে মহাসমাবেশ উপলক্ষে সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। অনাকাঙ্খিত কোনও ঘটনা যাতে না ঘটতে পারে সেজন্য মহাসমাবেশ স্থল পল্টন ময়দানে ছয় স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সরকার রাজধানীতে ২০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে শুধু পল্টন ময়দানেই চার হাজার সদস্য মোতায়েন করা হয়েছে বলে সংশি¬ষ্ট সূত্র জানায়।
