২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিকসহ বিদেশি নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকসহ বিদেশী নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ঢাকার কেন্দ্রীয় অংশ, বিশেষ করে পল্টন ময়দান এলাকায় না আসার নির্দেশ দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 09:56 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

আওয়ামী লীগসহ ১৪ দল মঙ্গলবার বিকেলে পল্টন ময়দানে বিশাল এক জনসমাবেশ আহ্বান করেছে।

আর এ কারণেই বিদেশি নাগরিকদের নিরাপত্তার অংশ হিসেবে মার্কিন, ব্রিটিশ, অস্ট্রেলীয়সহ সব বিদেশী নাগরিককে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সেসব দেশের দূতাবাস কর্তৃপক্ষ।

মার্কিন দূতাবাসের একজন মূখপাত্র বিডিনিউজকে জানান, তাদের মঙ্গলবার মূল ঢাকায় কোনও অনুষ্ঠানে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কোনও বিশেষ সতর্কতা জারি না করা হলেও তাদের সব ধরনের রাজনৈতিক সভা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। 

অনেক দূতাবাস কর্মকর্তাকে তাদের নিজ বাড়ি বা অফিসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকায় ব্রিটিশ দূতাবাসের একজন মুখপাত্র জানিয়েছে, তারা একটি সাধারণ সতর্কতা জারি করা হয়েছে।

অস্ট্রেলীয় হাইকমিশন সূত্র জানিয়েছে, তাদের নাগরিকদের খুবই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের যে কোনও জনসভা বা বিক্ষোভ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।