২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে এরশাদপন্থী ছাত্রসমাজের মিছিলে আবারও ধাওয়া, আহত ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় ছাত্রসমাজ সোমবার দ্বিতীয় দফায় বামপন্থি ছাত্র সংগঠনগুলোর ধাওয়ার মুখে পড়ে এবং এ সময় ছাত্রসমাজের চার নেতাকর্মী আহত হয়। আহতরা হলো মনির, আব্দুর রহমান, জাকির এবং মনির (সিটি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 09:46 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দেড়টার দিকে ছাত্রসমাজের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতাদের সাথে দেখা করতে যায়। কিন্তু ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু তাদের ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলেন।

মধুর ক্যান্টিন থেকে ফেরার পথে ছাত্রসমাজের কর্মীদের ওপর জাসদ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বিপ্লবী ছাত্র মৈত্রী’র নেতা-কর্মীরা হামলা চালায়। 

রোববার প্রথমবারের মতো ছাত্রসমাজ ক্যাম্পাসে মিছিল বের করার চেষ্ঠা করলে জাসদ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠনের ধাওয়ার মুখে পন্ড হয়ে যায় এবং এসময় তাদের সাতজন নেতাকর্মী মারধোর শিকার হয়। এরপর তার সোমবার পুনরায় মিছিল বের করার চেষ্ঠা করে। ছাত্রসমাজ আহত নেতাকর্মীদের পরিচয় জানাতে পারেনি, তবে আহত নেতাকর্মীর সংখ্যা ১৭ থেকে ১৮ জন বলে তারা দাবি করেছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং প্রক্টোরিয়াল বডির সমন্বয়ে গঠিত পরিবেশ পরিষদ ১৯৯০ সালে ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জাতীয় ছাত্রসমাজের রাজনীতিও নিষিদ্ধ ঘোষণা করে। তারপর ক্যাম্পাসে ছাত্রসমাজকে ক্যাম্পাসে কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেখা যায়নি। জাতীয় ছাত্রসমাজ দীর্ঘ ১৫ বছর পর রোববার ক্যাম্পাসে একটি মিছিল বের করার চেষ্টা করেছিল।