২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সটাইলের পাশাপাশি পাকিস্তানি উদ্যোক্তারা প্যাকেজিং শিল্পে বিনিয়োগে আগ্রহী

সফররত পাকিস্তানি ব্যবসায়ীরা বাংলাদেশে টেক্সটাইল খাতের পাশাপাশি প্যাকেজিং শিল্পে বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 10:20 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

পাকিস্তান বেডওয়্যার এসোসিয়েশনের চেয়ারম্যান শাবির আহমেদ বলেন, বাংলাদেশে প্যাকেজিং একটি ক্রমবর্ধমান খাত। এই খাতে বিনিয়োগ লাভজনক হবে বলে আমি মনে করি।

রোববার দুপুরে সফররত ১০ সদস্য বিশিষ্ট পাকিস্তানি প্রতিনিধি দল বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরকারীরা কিভাবে আঞ্চলিক সম্পর্ক জোরদার করা যায় এবং ভবিষ্যতে টিকে থাকার জন্যে কিভাবে দৃঢ় আঞ্চলিক বাণিজ্য ব্লক সৃষ্টি করা যায় তা নিয়ে আলোচনা করেন।

সফরকারী দলের সদস্য এবং করাচির টেক্সটাইল প্রতিষ্ঠান আইডিয়াল ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী রশিদ সেলিম বলেন, এখানে বিনিয়োগের সুবিধা আমাদের বিস্মিত করেছে। আমরা বাংলাদেশে প্রাপ্ত সকল সুযোগ সুবিধা বিবেচনা করে সিদ্ধান্ত নেব কখন এবং কিভাবে বিনিয়োগ করা হবে।

দলের অন্য সদস্য জহুর আহমেদ বলেন, এখানে শিল্প স্থাপন করতে পারলে উৎপাদন খরচ উল্লেখয়োগ্য হারে কমবে।        

শাবির আহমেদ বলেন, সার্কভুক্ত দেশগুলোর নিজেদের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৫ শতাংশের বিপরীতে ইউরোপিয় ইউনিয়েনের সঙ্গে বাণিজ্যের পরিমাণ ৬৫ শতাংশ।

বাণিজ্যমন্ত্রী প্রতিনিধি দলকে বাংলাদেশে স্বাগত জানান এবং বিনোয়োগের আহ্বান জানান।