হাইকোর্টে কুমিল্লার ২৮ আওয়ামী লীগ নেতা-কর্মীর আগাম জামিন মঞ্জুর
হাইকোর্ট রোববার ভাংচুর ও লুটপাটের দু’টি মামলায় কুমিল্লার ২৮ আওয়ামী লীগ নেতা-কর্মীর আগাম জামিন মঞ্জুর করেছেন।
আসামিদের দায়ের করা জামিনের আবেদনের শুনানির পর বিচারপতি এমএ রশীদ এবং বিচারপতি এটিএম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনকারীদের কেন নিয়মিত জামিন দেয়া হবে না- এই মর্মে সরকারকে কারণ দর্শাও নোটিশ জারি করেন।
দেবিদ্বার থানা ছাত্রদল নেতা মোহাম্মদ শামীম ১২ নভেম্বর আগামী নির্বাচনে কুমিল্লা চার আসনের সম্ভাব্য আওয়ামী প্রার্থী রওশন আলী মাস্টারসহ ২৮ নেতা-কর্মীকে আসামি করে দুটি মামলা দায়ের করে।
রোববার তারা হাইকোর্টে সশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানান।
আদালতে আবেদনকারীদের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হোসেন এবং সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম ওয়ালিউর রহমান মামলা পরিচালনা করেন।
