২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের মহাসমাবেশ ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা

শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় বিরোধী জোটের ২২ নভেম্বরের মহাসমাবেশ অনুষ্ঠানের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সমাবেশের নিরাপত্তা জোরদার করতে ঢাকার পাশ্ববর্তী জেলাগুলো থেকে প্রায় ছয় হাজার পুলিশ ঢাকায় নিয়ে আসা হবে। এছাড়াও এ সমাবেশকে ঘিরে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, বিডিআর, এপিবিএন ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হবে।

পুলিশের আইজি আবদুল কাইয়ুম বিডিনিউজকে বলেন, সরকার নির্বিঘ্নভাবে সমাবেশ অনুষ্ঠানের ব্যাপারে নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ নিয়েছে। এজন্য পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হবে।

তিনি বলেন, আমরা এমন নিরাপত্তা গ্রহণ করব, যাতে যেকোনও ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের হুমকি মোকাবেলা করা যায়। তিনি আরও বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব, বিডিআর, পুলিশ এপিবিএন, আনসার ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত ফোর্সকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

আইজি বলেন, অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই নগরীর পাশ্ববর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন লোকদের তল্লাশি শুরু করেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তা জোরদার করার জন্যে দরকার হলে হেলিকপ্টার নিয়ে আকাশপথে টহল দেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর পুলিশের অন্য একজন সিনিয়র কর্মকর্তা বিডিনিউজকে বলেন, পুলিশকে ঢাকার বাইরে থেকে আসা লোকজনের ওপর কঠোর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা অস্ত্র বা বিস্ফোরক বহন করে ঢাকায় নিয়ে আসতে না পারে।

এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কয়েক হাজার সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে।

ঢাকার বাইরে থেকে অতিরিক্ত ছয় হাজার পুলিশ সদস্যকে ঢাকায় নিয়ে আসা হবে। অতিরিক্ত এ পুলিশ সদস্যদের থাকার জন্যে রাজারবাগ পুলিশ লাইন ও মিরপুর পুলিশ স্টাফ কলেজের দাঙ্গা দমন বিভাগ কার্যালয়ে ক্যাম্প স্থাপন করা হবে।