জঙ্গি দমনে শুরুতেই আমাদের ভুল হয়ে গেছে: মেয়র মিনু
রাজশাহী সিটি মেয়র ও সদর আসনের ক্ষমতাসীন চারদলীয় জোটের সাংসদ মিজানুর রহমান মিনু বলেছেন, জঙ্গি উত্থানের বিষয়টি আমরা শুরুতে হালকাভাবে নিয়েছিলাম।
তিনি বলেন, এরা যে এতটা দুর্ধর্ষ এবং এতো বড় শক্তি তা শুরুতে বোঝা যায়নি। সেখানেই ভুল হয়ে গেছে। আমাদের উচিত ছিলো আরও আগে থেকে এদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া। শনিবার সকালে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এ কথা বলেন।
মেয়র মিনু আরও বলেন, কখনো কখনো ইসলামের কথা বলে কিছু রাজনৈতিক সংগঠনের দলীয় ছত্রছায়ায় জঙ্গি ঘেঁষা কিছু বক্তব্য আসে। আগে আমরা এটাকে হালকাভাবেই নিয়েছিলাম। তবে এখন জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। যেকোনো মূল্যে এদের ধরা হবে।
সম্প্রতি জঙ্গিদের উত্থানের নেপথ্যে সরকারকে দায়ী করে বিবিসিকে দেওয়া সাংসদ আবু হেনার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আবু হেনা অত্যন্ত জনপ্রিয় সাংসদ। বাগমারা-মোহনপুর আসনে তিনি বিপুল ভোট পাওয়ায় বিএনপি আসনটি পুনরুদ্ধার করতে পেরেছে। তিনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন। কিন্তু সাংসদ হিসেবে ও জোটের অভ্যন্তরে থেকে তার এ ধরনের বক্তব্য দেওয়া ঠিক হয়নি। তিনি সরাসরি সরকারের বিরুদ্ধে বলেছেন। কোথাও কোথাও তিনি প্রধানমন্ত্রীকেও দায়ী করেছেন। দলের প্রতি আনুগত্যের দিক থেকে এ ধরনের বক্তব্য দলীয় শৃঙ্খলার পরিপন্থী।
এ ব্যাপারে মেয়র মিনু আরও বলেন, বিএনপি একটি বড় দল। এখানে কেউ হয়তো বা কখনো ভুলবশত: দু'’ একটি ঘটনা ঘটাতেও পারে। কিন্তু তার জন্য পুরো দল দায়ী হতে পারে না। বর্তমান সরকার জঙ্গিদের দমনে কঠোর অবস্থান নিয়েছে। আজকে যারা ধর্মীয় অন্ধত্ব নিয়ে জঙ্গিবাদের নামে এসব করছে তারা ইসলামের বন্ধু নয়, তারা দেশ ও জাতির শত্রু, সন্ত্রাসী। আবু হেনা সন্ত্রাসীদের বিরুদ্ধে বললেই ভালো করতেন।
দলের মধ্যে থেকে কেউ জঙ্গিদের প্রশ্রয় দিয়ে থাকলে অবশ্যই হাইকমান্ড ব্যবস্থা নেবে। কারণ দু’ একজনের জন্য সরকার ও দল ক্ষতিগ্রস্থ হোক তা কেউই চায় না বলে মেয়র মিনু মন্তব্য করেন।
জেএমবি সম্পর্কে মেয়র মিনু বলেন, শায়খ আবদুর রহমান ও বাংলাভাই ভিন্ন রাষ্ট্রের এজেন্ট। এরা ইসলামের সুনাম নষ্টের জন্য বিশেষ মিশন নিয়ে মাঠে নেমেছে।
তবে এরা কোন দেশের এজেন্ট এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ তথ্য তার জানা নেই। এটি নিছকই তার ধারনা।
শায়খ ও বাংলাভাইকে বাগমারায় বিএনপির নেতা-কর্মীদের সমর্থন দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, তারা বাগমারা এলাকায় একটি সুযোগ নিতে এসেছিলো। সে সময় চরমপন্থীদের হাতে ৫৯ জন মানুষ হত্যার পর তাদের নির্যাতনে এলাকাবাসী প্রতিরোধ গড়তে শুরু করেছিলো। ওই সুযোগটা নিয়ে তারা ঢুকে পড়েছিলো এলাকার জনগণের মধ্যে। সাধারণ মানুষ তখন বুঝতে পারেনি। আমাদের দলের নেতা-কর্মীরাও তাদের চিনতে ভুল করেছিল। তবে এখন তাদের চিহ্নিত করার পর তাদের নির্মুলে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
জোটের অন্য শরীক দলগুলোর সঙ্গে জঙ্গিদের সম্পর্ক আছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, শরীক কোনও দলের সঙ্গে এদের সম্পর্ক নেই।
উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতার প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কোনও সম্পর্ক তার সঙ্গে জঙ্গিদের নেই। তার ভাই ও ভাতিজাকে চরমপন্থীরা খুন করেছে। এ থেকে অনেকে ধারণা করেন তার সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতা রয়েছে।
ড. গালিবকে দেশপ্রেমিক ও সুযোগ্য ব্যক্তি উল্লেখ করে মেয়র মিনুর দেওয়া সার্টিফিকেট সম্পর্কে তিনি বলেন, প্রতিদিন অনেকেই তার কাছ থেকে এ ধরনের সনদ নিতে আসেন। মেয়র হিসেবে তিনি তাদের সেগুলো দেন। ড. গালিবকে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জানতেন। এ কারণেই সনদপত্রটি দিয়েছিলেন। জঙ্গিদের সংশ্লিষ্টতার কোনো বিষয় জানা থাকলে তিনি তা দিতেন না বলে দাবি করেন।
