২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকসহ কেউই দেশে নিরাপদ নয়: গৌতম দাসের খুনিদের শাস্তি দাবি করে শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রতিভাবান তরুণ সাংবাদিক গৌতম দাসের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও শাস্তি দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 05:57 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

শেখ হাসিনা শনিবার এক বিবৃতিতে বলেন, দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসকে হত্যার ৪৮ ঘন্টার পরও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

তিনি বলেন, এর আগেও সাংবাদিক মানিক সাহা, হুমায়ুন কবির বালু, দীপঙ্কর চক্রবর্তীসহ ১২জন সাংবাদিক নিহত হয়েছেন। আজ পর্যন্ত কোনও ঘটনারই তদন্ত ও বিচার হয়নি।

শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোট সরকার কোনও হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারেই আগ্রহী নয়। দেশের সাংবাদিক সমাজ আজ অন্ত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছে। অথচ সরকার সম্পূর্ণ নির্বিকার।

তিনি বলেন, সাংবাদিকদের সম্পর্কে জোট সরকারের মন্ত্রী ও নেতাদের অশালীন ও উস্কানীমূলক বক্তব্যের কারণেই সাংবাদিকরা বার বার জঙ্গি সন্ত্রাসীদের আক্রমনের শিকার হচ্ছে। বাংলাদেশকে এশিয়ার মধ্যে সাংবাদিকদের জন্যে এক নম্বর ঝুঁকিপূর্ণ হিসেবে সাংবাদিকদের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন আখ্যায়িত করেছে। এতে দেশের ভাবমূর্তি ও মর্যাদা ভূলুন্ঠিত হয়েছে।

শেখ হাসিনা বলেন, এ সরকারের হাতে শুধু সাংবাদিক নয়, কোনও শ্রেণী পেশার মানুষই আজ নিরাপদ নয়। এ দেশের মানুষকে নিরাপদ করতে হলে জোট সরকারকে বিতাড়িত করতে হবে। এ জন্যে সাংবাদিকসহ সকল শ্রেণী-পেশার মানুষকে স্ব স্ব অবস্থান থেকে সরকার আরও সক্রিয় ও জোরদার ভূমিকা পালন করতে হবে।