২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন মোকাবেলা করতে সরকার জঙ্গীদের মাঠে নামিয়েছে: বিরোধীদল

বিরোধী দলগুলো অভিযোগ করেছে, তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার এখন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশসহ (জেএমবি) নানা ইসলামী জঙ্গি সংগঠনকে মাঠে নামিয়েছে। এ কারণে তাদের ক্রসফায়ারে পড়তে হয় না।

নিজস্ব প্রতিবেদক

গাজী জহিরুল ইসলাম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 05:37 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে বলেন, বিরোধী দলের সরকার পতন আন্দোলন যাতে অগ্রসর না হয়, সে পরিকল্পনা নিয়ে সরকার জেএমবিসহ জঙ্গি গ্রুপগুলোকে মাঠে নামিয়েছে।

তিনি বলেন, এ কারণেই তাদের কেউই র‌্যাবের ক্রসফায়ারে পড়েনি।

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বিডিনিউজকে বলেন, জেএমবি মূলত সরকারেরই সৃষ্টি। নিজেদের ব্যর্থতা ও বিরোধী দলের চলমান আন্দোলনকে বানচাল করতে জেএমবিসহ জঙ্গি সংগঠনগুলোকে কাজে লাগাচ্ছে সরকার। এ অপতৎপরতা অবশ্যই বন্ধ করা হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের এমপি বিডিনিউজকে বলেন, সরকারের ভেতরেই জেএমবিসহ জঙ্গিদের বসবাস। সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় দেশে জঙ্গি তৎপরতা চলছে।

জেএমবির উৎপত্তিস্থল রাজশাহীর সরকার দলীয় সংসদ সদস্য আবু হেনা স্বীকার করেছেন বাংলাদেশে জঙ্গিদের উত্থানে সরকারের একটি অংশের মদদ আছে।

রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু অবশ্য বলেছেন, জঙ্গি উত্থানের বিষয়টি সরকার শুরুতে হালকাভাবে নিয়েছিলো। এরা যে এতোটা দুর্ধর্ষ এবং এতো বড় শক্তি, তা শুরুতে বোঝা যায়নি।

কিন্তু জঙ্গিদের সঙ্গে সরকারের কোনও অংশের বিন্দুমাত্র সংশ্রব থাকার কথা তিনি অস্বীকার করেন।

কোনও কোনও রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্য নিয়ে জেএমবিসহ জঙ্গি সংগঠনগুলো অগ্রসর হচ্ছে। সরকারের ভেতর থেকে এদের মদদ দেওয়া হচ্ছে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রছায়ার বাইরেও প্রশাসনের একটি অংশ জঙ্গিদের সহায়তা করে আসছে। রাজশাহীতে বাংলা ভাই, শায়খ আব্দুর রহমানসহ ইসলামী জঙ্গিদের কর্মকাণ্ড সমর্থনের কারণে তৎকালীন এসপি মাসুদ মিয়া ব্যাপক সমালোচিত হন। তখনকার স্বরাষ্ট্র সচিব ওমর ফারুখ জামাতপন্থী হিসেবে পরিচিত ছিলেন।

বিএনপি সরকারকে বিপাকে ফেলতে ১৯৯৫ সালে সচিবালয়ে প্রথমবারের মত জঙ্গিদের লিফলেট ছাড়া হয়। গোয়েন্দা সংস্থার লোকজন তাদের তদন্তে লিফলেট বিতরণের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পায়। ওই লিফলেট এবং সম্প্রতি ছড়ানো জেএমবির লিফলেটগুলোর বক্তব্য প্রায় একই রকম।

প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সংশ্লিষ্টতায় সচিবালয়ে সরকারবিরোধী লিফলেট বিতরণকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।