২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফিউল আলম প্রধানের পদত্যাগ: উত্তরাঞ্চলের বিপূলসংখ্যক নেতাকর্মী জাপা (এ) ছাড়ছে

দিনাজপুর-১ আসনের উপনির্বাচনকে ঘিরে শেষ মূহূর্তে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে সমঝোতা না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে দলের প্রেসিডিয়াম সদস্য শফিউল আলম প্রধান পদত্যাগ করেছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

তার পদত্যাগের খবর পাবার সঙ্গে সঙ্গে বগুড়াসহ উত্তরাঞ্চলের জাপা’র (এ) সাথে থাকা সাবেক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতাকর্মীরাও দল থেকে সরে দাঁড়াচ্ছেন বলে খবর পাওয়া গেছে। শুধু বগুড়া জেলা থেকেই দু’শতাধিক জাপা নেতাকর্মী তার সাথে জাপা ছাড়ছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেলের পর শফিউল আলম প্রধানের পদত্যাগ পত্র জমা দেওয়ার খবর বগুড়ায় পৌঁছার পর তার সমর্থক দু’শতাধিক নেতাকর্মীও পদত্যাগের সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে হোটেলপট্টি এলাকার একটি হোটেলে বেশ কয়েকজন নেতা সভা করে জাপা (এ) থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এ ব্যাপারে জেলা জাপার ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন মণ্ডল জানান, জেলা যুগ্ম প্রচার সম্পাদক মোখলেসুর রহমান, যুগ্ম গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম মোহন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সাকিদার, জেলা সদস্য আবু রায়হানসহ যুব সংহতি ও ছাত্র সমাজের দু’শতাধিক নেতাকর্মী জাপা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকায় কথা বলার পর তিনি ইতোমধ্যে এ ব্যাপারে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে বিডিনিউজকে জানান।

দল ছাড়ার সিদ্ধান্ত গ্রহণকারী নেতাদের অনেকেই বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টি অফিসে যাননি। বৃহস্পতিবার রাত ৭টায় মোবাইল ফোনে শফিউল আলম প্রধানের সাথে কথা বললে তিনি পদত্যাগের কথা স্বীকার করে বলেন, পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।

নতুন দল গঠন করবেন কিনা অথবা আ’লীগে যোগ দেবেন কিনা, এ প্রসঙ্গে প্রধান জানান, এ মূহূর্তে কোন মন্তব্য করতে চাচ্ছি না। দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপালের মনোনয়ন ইস্যুকে কেন্দ্র করেই পদত্যাগ করা হয়েছে। প্রথমে আমাদের দায়িত্ব ৫ ডিসেম্বর নির্বাচন শেষ করা। তারপর সমমনাদের সাথে বৈঠক করে নতুন করে দল করবো কিনা বা কার সাথে যাব, তা নির্ধারণ করা হবে।

উত্তরাঞ্চল থেকে সাবেক জাগপা বর্তমানে জাপা (এ) নেতাকর্মীদের কতজন তার সঙ্গে আসতে পারেন, এ প্রসঙ্গে শফিউল আলম প্রধান জানান, এটি দিনাজপুরে ৫ ডিসেম্বর নির্বাচনের পর বলা সম্ভব হবে।

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড আবদুল মালেক সরকারকে মনোনয়ন দেয় এবং দলীয় নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার নির্দেশ দেয়। এছাড়া বিদ্রোহী প্রার্থী মনোরঞ্জন শীল গোপালকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেয়। তবে প্রেসিডিয়াম সদস্য শফিউল আলম সাবেক জাগপা নেতা বিদ্রোহী প্রার্থী মনোরঞ্জন শীল গোপালের পক্ষাবলম্বন করায় চেয়ারম্যানের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়।

মতবিরোধ চরমে পৌঁছলে শফিউল আলম প্রধান সিদ্ধান্ত পরিবর্তনে জাপা চেয়ারম্যান এরশাদকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন।