দিনাজপুর উপ-নির্বাচন: প্রার্থীরা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি
দিনাজপুর-১ আসনের উপ নির্বাচনের প্রার্থীরা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
নির্বাচন কমিশন সুত্র জানায়, নভেম্বরের ৯ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মোট ছয় জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন, চার দলীয় ঐক্য জোটের প্রার্থী দিনাজপুর জেলার জামায়াতে ইসলামী’র আমির মাওলানা আফতাব উদ্দিন মোল্লা, জাতীয় পার্টির (এরশাদ) আব্দুল মালেক সরকার, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল, নাগরিক কমিটির পক্ষে জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য নাসিরুল হক রুস্তম, সম্মিলিত নাগরিক কমিটির পক্ষে শিবলী সাদিক এবং কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের আহবায়ক কৃষক মো. সাদেক।
দিনাজপুর জেলার বীরগঞ্জ ও কাহারোল উপজেলার সমন্বয়ে গঠিত দিনাজপুর এক আসনের চার দলীয় সংসদ সদস্য মো. আব্দুল্লাহ আল কাফি গত ১২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়।
এদিকে নির্বাচন পরিচালনার জন্যে দিনাজপুর জেলা প্রশাসককে রিটার্নিং অফিসার ও দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সহকারি রিটানিং অফিসার নিয়োগ করা হয়েছে।
