২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় গড়াই সেতুর নামকরণ: সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পুলিশ ও বিডিআর মোতায়েন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিএনপি এবং আওয়ামী লীগের সম্ভাব্য সংঘর্ষ এড়াতে বুধবার থেকে এখানে বিপুল সংখ্যক পুলিশ এবং বিডিআর মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 12:18 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সূত্র জানায়, কুমারখালী উপজেলার গড়াই নদীর উপর নবনির্মিত সেতুর নামকরণ নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি’র পাল্টাপাল্টি অবস্থানের কারণে এখানে আইন শৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সূত্র জানায়, আওয়ামী লীগ চাচ্ছে বিখ্যাত সাহিত্যিক মীর মশাররফ হেসেনের নামে নবনির্মিত সেতুর নামকরণ করা হোক।

এদিকে বিএনপি চাচ্ছে সাবেক সাংসদ ও কুষ্টিয়া জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সৈয়দ মাছ-উদ-রুমীর নামে এ সেতুর নামকরণ করা হোক।

স্থানীয়রা জানায়, ইতোমধ্যে যোগাযোগ মন্ত্রণালয় সেতুর নাম প্রয়াত ওই রাজনীতিবিদ সৈয়দ মাছ-উদ-রুমীর নামে হওয়ার ঘোষণা দিয়েছে।

চলতি মাসের শেষদিকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেতুটি উদ্বোধন করবেন।

এদিকে আওয়ামী লীগ নেতাদের উদ্যোগে গঠিত মীর মশাররফ হোসেন সেতু নামকরণ বাস্তবায়ন পরিষদ ১৩ নভেম্বর কুমারখালী উপজেলা শহরে মানববন্ধনের চেষ্টা করে। কিন্তু স্থানীয় থানা পুলিশ ও বিএনপি ক্যাডারদের বাধায় তা পণ্ড হয়ে যায়।

বুধবার ওই ব্রীজে আওয়ামী লীগের নির্ধারিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসন এবং বিএনপি’র নেতারা তা হতে দেয়নি।

অপরদিকে জেলা বিএনপি’র সহযোগিতায় কুমারখালী ও খোকসা উপজেলা বিএনপি’র আহ্বানে একই স্থানে একই সময়ে গণ জমায়েতের ডাক দিলে প্রশাসন ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে।

এ ব্যাপারে এখন পর্যন্ত কুমারখালীতে উত্তেজনা বিরাজ করছে।