২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের নিরাপত্তা বাহিনীর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও শিক্ষা বিস্তারে যুক্তরাজ্য সরকারের সাহায্য চেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

আন্তর্জাতিক অপরাধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস মোকাবেলায় যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সফররত ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী ড. কিম হাওয়েলস বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন।

দারিদ্র্র্য ও নিরক্ষরতাকে সকল সমস্যার মূল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি অনেক সময় সন্ত্রাসের পথ তৈরি করে।

প্রধানমন্ত্রী বলেন, এ সকল সমস্যা নিরসনে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন ও শিক্ষা বিস্তারকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র এ ব্যাপারে বাংলাদেশকে সাহায্য করবে।

এ সময় তাদের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়।

ব্রিটিশমন্ত্রী মনে করেন, ১৭ আগস্টের বোমা হামলা, ঝালকাঠিতে দুই বিচারক হত্যা এবং লন্ডনে বোমা হামলা কোনও আলাদা ঘটনা নয়।

তিনি বলেন, এটি আজ বিশ্ব সমস্যা এবং কোনও জাতিই নিরাপদ নয়। সন্ত্রাস দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাওয়েলসের মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।