বিরোধী দলের ২২ নভেম্বরের মহাসমাবেশ প্রশাসনিকভাবে মোকাবেলা করবে সরকার
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের ২২ নভেম্বরের মহাসমাবেশের প্রভাব ঠেকাতে সরকার সব ধরনের প্রশাসনিক উপায় অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র জানায়, বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলার পরিবর্তে সরকার ১৪ দলের কর্মসূচি পণ্ড করে দিতে দেশের বিভিন্ন জেলা থেকে সমাবেশে আসা নেতা-কর্মীদের বাধা দেবে।
সূত্র আরও জানায়, মহাসমাবেশে যোগ দিতে বাইরে থেকে কর্মী সমর্থকরা যাতে রাজধানীতে না আসতে পারে, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা সরকারি যানবাহন রিকুইজিশন করবে এবং যাতে তারা কোনও যানবাহন ভাড়া করতে না পারে, তা-ও দেখবে।
মহাসমাবেশে কর্মী-সমর্থকদের উপস্থিতি রোধ করতে পুলিশ মহাসড়কে ও নদীপথে চেকপোস্ট বসাবে বলে সূত্র জানায়। সূত্র আরও জানায়, গত ৩০ এপ্রিল আওয়ামী লীগের কর্মসূচি যেভাবে বানচান করে দেওয়া হয়েছিল, এখনও সরকার সেই পদ্ধতিই অবলম্বন করবে।
এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র একটি সূত্র জানায়, সরকার মনে করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের মহাসমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম নয়। তাই তারা এ মহাসমাবেশ নস্যাৎ করতে চায়।
১৫ নভেম্বর এ মহাসমাবেশের তারিখ ঠিক হওয়ার পর সরকার নভেম্বরের প্রথম সপ্তাহেই বেশ কিছু বিরোধী দলীয় নেতা কর্মীকে গ্রেফতার করে। নভেম্বরের প্রথম সপ্তাহে সরকার রাজধানীতে এক হাজার লোককে গ্রেফতার করে।
সরকারের প্রশাসনিক অ্যাকশান ও পুলিশি হয়রানির ভয়ে বিরোধী দল সার্ক শীর্ষ সম্মেলনের অজুহাতে মহাসমাবেশের তারিখ পরিবর্তন করে।
পুলিশ জানায়, সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের সময় যাতে কোনও প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সেজন্য তারা রাজধানীতে ধরপাকড় চালায়।
সূত্র জানায়, হাজারীবাগ থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাইমেন ভূইয়া, রমনা থানা আওয়ামী লীগের সহ সভাপতি মো. জামাল উদ্দিন, লালবাগ থানা আওয়ামী লীগ নেতা মো. বাদল এবং রমনা থানা আওয়ামী লীগ নেতা ফুলালসহ আরও অনেক আওয়ামী লীগ নেতা কর্মীকে পুলিশ গ্রেফতার করে।
নভেম্বরের প্রথম সপ্তাহের এই ধড়পাকড়ের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এক বিবৃতিতে বলেন, পুলিশ ২২ নভেম্বরের মহাসমাবেশ বানচাল করতে এ ধরনের ধরপাকড় চালাচ্ছে।
