২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে নির্বাচনী হালচাল: জমে উঠছে প্রচারণা

জয়পুরহাটে আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। তারা গণসংযোগ, কর্মী সংগ্রহ এবং ভোটারদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 08:24 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

জয়পুরহাটের দুইটি আসনে ক্ষমতাসীন বিএনপি এবং আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

প্রার্থী মনোনয়ন ও নির্বাচনী ফলাফল নিয়ে মাঠে ঘাটে, চায়ের টেবিলে, অফিস আদালতসহ সর্বত্রই আলোচনা হচ্ছে।

জয়পুরহাট-১ আসনে বিএনপির সম্ভব্য প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল আলীম এমপির নাম জোরেশোরে শোনা যাচ্ছে। তিনি গত সাধারণ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের আব্বাছ আলী মন্ডলের চেয়ে প্রায় ৮০ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলেন।

এ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে পাঁচবিবি পৌরসভা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম দুদু এবং সাবেক আওয়ামলীগ এমপি আব্বাছ আলী মণ্ডলের নাম শোনা যাচ্ছে।

আওয়ামী লীগ কাকে মনোনয়ন দেবে সে ব্যাপারে নিশ্চিত না হলেও নেতা কর্মীরা প্রচারণা চালাচ্ছেন।

বিএনপি’র সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী বিকল্পধারা থেকে এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জয়পুরহাট-২ কালাই, তেলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে এ আসন। এখানে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হচ্ছেন এইচএম খলিলুর রহমান। গত সাধারণ নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী শিল্পপতি মীর জালালুর রহমান এর চেয়ে প্রায় ৩০ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলেন।

বিএনপি থেকে ব্যবসায়ী আব্দুল লতিফও মনোনয়ন পেতে চান বলে শোনা যাচ্ছে।

এ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে মীর জালালুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নৃপেন্দ্রনাথ মণ্ডল, ফরহাদ আকন্দ পম্পি এবং নব নির্বাচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলীর নাম আলোচিত হচ্ছে।

এছাড়া এ আসনে জাতীয় পার্টি থেকে নুরুল্লাহ মাছুম এবং সিপিবি থেকে নজরুল ইসলাম মনোনয়ন পেতে পারেন বলে শোনা যাচ্ছে।