২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার আইনজীবীদের আদালত বর্জন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার প্রতিবাদে আইনজীবীরা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালত বর্জন করবেন। তবে কালো ব্যাজ পরে এবং কালো পতাকা নিয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করবেন তারা।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিবিএ নেতৃবৃন্দ এ কর্মসূচির ঘোষণা দিয়ে দল মত নির্বেশেষে সকল আইনজীবীকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

দেশের বিচার ব্যবস্থার ‘অবনতিশীল ও নৈরাজ্যজনক’ পরিস্থিতিতে আইনের শাসন, সংবিধান ও বিচার ব্যবস্থাকে সমুন্নত রাখতে এসসিবিএ নেতৃবৃন্দ প্রধান বিচারপতিকে অনুপ্রেরণাদায়ক ভূমিকা রাখার আহ্বান জানান।

এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম বলেন, সংবিধান, বিচারক ও আইনজীবীদের অভিভাবক হচ্ছেন প্রধান বিচারপতি। তাই বিচারক ও আইনজীবীদের মতো জনগণও মনে করে, এ অবস্থায় প্রধান বিচারপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এক লিখিত বিবৃতিতে তারা বলেন, সরকারের একাংশের সাথে বোমা হামলাকারী ও উগ্রবাদী সন্ত্রাসীদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

তারা বলেন, ১৭ আগস্ট সারা দেশে, ৩ অক্টোবর চট্টগ্রাম, চাঁদপুর ও লক্ষ্মীপুরের আদালত ভবনে এবং পরবর্তীতে সিলেটে এক বিচারকের উপর বোমা হামলার পর আমরা আশা করেছিলাম, সরকার বোমা হামলাকারী ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে তাদের শাস্তি প্রদানে কার্যকর পদক্ষেপ নেবে। কিন্তু সরকার জনগণের এ আশা আকাঙ্খা পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এখন জনগণের কাছে এটি স্পষ্ট যে, সরকারের একাংশের সাথে হামলাকারীদের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, সরকার তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যে আইন শৃঙ্খলা বাহিনীকে নিষ্ক্রিয় রাখায় বোমা হামলকারীরা নির্বিঘ্নে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

বিচারক, আইনজীবী ও বিচার প্রক্রিয়ার সাথে জড়িতদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ওপর নির্ভর না করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্যে তারা প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান।

ঝালকাঠিতে সোমবার সকালে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের একজন সদস্যের আত্মঘাতী বোমা হামলায় সিনিয়র জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে নিহত হন। এ ঘটনায় আদালতের একজন কর্মচারি ও দু’জন পথচারী আহত হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট রহমত আলী এমপি, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট সিরাজুল হক, অ্যডভোকেট শাহ জহিরুল আলম, অ্যাডভোকেট এমএ মান্নান, অ্যাডভোকেট বশির আহমেদ, অ্যাডভোকেট শেখ আখতেরুল ইসলাম, অ্যাডভোকেট মঈনুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ।