২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক শেষে সরকারের সবুজ সংকেত পেয়েই জঙ্গি সন্ত্রাসীরা আবার মাঠে নেমেছে: জজ হত্যার নিন্দা জানিয়ে শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঝালকাঠিতে বোমা হামলা করে দুই বিচারককে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, জোট সরকারের সবুজ সংকেত পেয়েই জঙ্গি সন্ত্রাসীরা আবারও মাঠে নেমেছে। জনগণের কাছে আজ স্পষ্ট, সার্ক সম্মেলনের জন্যেই এদের থামিয়ে রাখা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 04:57 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

এক বিবৃতিতে সোমবার তিনি বলেন, সার্ক সম্মেলন শুরুর আগে সর্বশেষ ৩ নভেম্বর লালমনিরহাটে বোমা বিষ্ফোরণ ঘটানো হয়। আবার সম্মেলন শেষে সার্কের অতিথিরা দেশত্যাগ করতে না করতেই ঝালকাঠিতে এ বোমা হামলা প্রমাণ করে, সরকারের নির্দেশেই উগ্র সশস্ত্র সন্ত্রাসী ও বোমাবাজরা সার্ক সম্মেলনের জন্যে আপাত বিরতি দিয়েছিল।

আওয়ামী লীগ প্রধান বলেন, ঝালকাঠিতে বোমা হামলা চালিয়ে দুই বিচারককে হত্যার মাধ্যমে বিএনপি জামাত জোট সরকারের আশ্রিত উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা, গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসনের শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

তিনি বলেন, জোট শাসনামলে আজ শুধু সাধারণ মানুষই নয়, বিচারকরাও বোমা হামলার অসহায় শিকার হচ্ছেন। মানুষের অধিকার রক্ষায় শেষ ভরসাস্থল বিচারকদেরই যখন চিহ্নিত করে পরিকল্পিত উপায়ে হত্যা করা হয়, তখন সাধারণ মানুষকে রক্ষা করবে কে? প্রশ্ন করেন শেখ হাসিনা।

বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি জামাত জোট ক্ষমতা দখলের পর থেকেই সরকারের প্রত্যক্ষ মদদে সারা দেশে বোমা হামলা ও সন্ত্রাস চালানো হয়। আওয়ামী লীগ নেতা কর্মী, সংসদ সদস্য, বিরোধী দলের জনসভা, মসজিদ-মন্দির, মেলা, সিনেমা হল, বিদেশি কূটনীতিক, এমনকি আদালত পর্যন্ত বোমা হামলার টার্গেটে পরিণত হয়েছে। দেশকে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

তিনি বলেন, ১৭ আগস্ট একযোগে ৬৩টি জেলায় ৫০০ স্থানে বোমা হামলা হয়েছিল। সরকারের লালিত উগ্র সাম্প্রদায়িক শক্তি এবং ওই হামলার মূল নায়কদের রক্ষা করা হয়েছে। প্রকৃত অপরাধীদের ধরা হয়নি।

শেখ হাসিনা বলেন, সরকার লোক দেখানোর জন্যে গুটি কয়েক উগ্র সাম্প্রদায়িক সংগঠনকে কাগজে কলমে নিষিদ্ধ ঘোষণা করলেও মূলত সরকারের আশ্রয়ে থেকে তারা একের পর এক সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এ বছরের ২৩ ফেব্রুয়ারি জামা’আতুল মুজাহিদীনকে নিষিদ্ধ ঘোষণার ছয় মাস পরেও তারা জোটের ছত্রছায়ায় ১৭ আগস্ট বোমা হামলা চালিয়েছিল।

তিনি নিহত দুই বিচারকের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বোমা হামলাকারী ও হত্যাকারীদের গডফাদারদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোটের কবল থেকে দেশকে মুক্ত করার মাধ্যমেই সন্ত্রাস ও বোমা হামলা থেকে জাতি রক্ষা পেতে পারে।