২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনের সাথে নেপালের রাজা জ্ঞানেন্দ্র’র বৈঠক

ঢাকায় ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব রোববার সকালে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 04:53 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বৈঠকটি খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী দেশটিতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্বারোপ করেন এবং এ ব্যাপারে যত দ্রুত সম্ভব দৃঢ় সিদ্ধান্ত নেয়ার জন্য বলেন।

রাজা জ্ঞানেন্দ্র বহুদলীয় গণতন্ত্রে তার সমর্থনের উল্লেখ করে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন এবং বলেন, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

রাজা জানান, তিনি যত শিগগির সম্ভব রাজনৈতিক দলগুলোকে নিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার ব্যাপারে প্রস্তুতি নেবেন।

উভয় নেতাই প্রতিবেশী দেশ দুটির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে গুরুত্বারোপ করেন।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি নেপালের তৎকালীন নির্বাচিত সরকারকে বহিষ্কার করে শাসন ক্ষমতা নিজের হাতে নেয়ার পর দ্বিতীয়বারের মত ভারতের প্রধানমন্ত্রী ও নেপালের রাজার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হল। এ দু’জনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় গত এপ্রিলে ইন্দোনেশিয়ায় বান্দুং সম্মেলনে।

দেশের শাসন ক্ষমতা রাজা নিজ হাতে নিয়ে নেওয়ার কারণেই ভারত সার্ক শীর্ষ সম্মেলন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিলো। দ্বিতীয় বারে সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ার এটি একটি অন্যতম কারণ ছিলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নেপালের রাজার নিকট বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ভারত রাজাকে উদ্বুদ্ধ করেন। নয়াদিল্লি মনে করে, নেপাল তার পূর্ববর্তী ধারায় একই সাথে রাজতন্ত্র ও গণতন্ত্রের সমন্বয় করে দেশটি পরিচালনা করুক।