হলিক্রস স্কুলে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়লেন রোকসানা আজিজ
দীর্ঘ ৪০ বছর প্রিয় শিক্ষিকা ও সহপাঠিদের পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্ত্রী ও ঢাকার হলিক্রস স্কুলের প্রাক্তন ছাত্রী রোকসানা আজিজ।
ঢাকায় স্বামীর সাথে সার্ক সম্মেলনে যোগ দিতে আসা ওই প্রাক্তন হলিক্রস ছাত্রী শনিবার বিকেলের বেড়াতে যান হলিক্রস স্কুলে। সেখানে স্কুল জীবনের বন্ধু ও শিক্ষকদের পেয়ে আবেগে জড়িয়ে ধরেন তাদের।
প্রাক্তন সহপাঠিদের সাথে স্কুলের পক্ষ থেকেও প্রাক্তন শিক্ষার্থী রোকসানা আজিজকে ফুলের ভালবাসায় বরণ করে নেওয়া হয়। দেওয়া হয় প্রানঢালা সম্বর্ধনা।
শনিবার বিকাল সাড়ে ৪টায় মিসেস আজিজ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হলিক্রস স্কুলে পৌঁছেন। সেখানে তাকে স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার সিলোম্যানা কুইয়া ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় স্কুল মিলনায়তনে। সেখানে তার সম্মানে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এতে স্কুলের ছাত্রীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে। মিসেস আজিজ সেখানে তার প্রাক্তন শিক্ষিকা ও সহপাঠিদের নিয়ে ওই অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানের ফাঁকে তিনি প্রাক্তন সহপাঠি ও শিক্ষিকাদের সাথে তার অতীতের স্মৃতি রোমন্থন করেন। পরে তাকে স্কুলের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখানো হয়।
অনুষ্ঠানে তাকে হলিক্রস স্কুলের একটি ক্রেস্ট এবং ২০০১ সালে রজত জয়ন্তী সংখ্যার একটি ম্যাগাজিন উপহার দেওয়া হয়।
এ সময় ওই স্কুলের অবসরপ্রাপ্ত ও মিসেস আজিজের সরাসরি দুই শিক্ষিকা সালেহা আনোয়ার ও আঞ্জুমান আরা আহমেদ, তার সহপাঠি ও বর্তমানে স্কলাসটিকা স্কুলের উপাধ্যক্ষ খাদিজা আফজাল, স্থপতি শ্যামা তানভির রহমান, মাহফুজা জুবেরি ও শাহনাজ শাহাব উপস্থিত ছিলেন।
বাবার চাকরির সুবাদে ১৯৬২ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি হলিক্রস স্কুলে লেখাপড়া করেন। পরে তিনি পাকিস্তানে ফিরে যান।
