গঙ্গাচড়ায় আ.লীগের লঙ্গরখানা বন্ধ করে দিয়েছে ক্ষমতাসীনরা
রংপুরের গঙ্গাচড়ার গোডাউন বাজারে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার উদ্বোধন করা লঙ্গরখানাটি শনিবার বন্ধ করে দিয়েছে বিএনপি ক্যাডার, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা লঙ্গরখানা বন্ধ করে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, সেখানে শুধু একদিনের জন্যে খাদ্য বিতরণের অনুমতি দেওয়া ছিল।
আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সেখানে শতশত অভুক্ত মানুষ খাবারের জন্যে লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু বিএনপি ক্যাডার, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারিদের প্রবল বাধার কারণে শনিবার সেখানে আর রান্না করা যায়নি।
আওয়ামী লীগ নেতা শরফুদ্দিন আহমদ ঝন্টু ও মুজিবুর রহমান প্রামাণিক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আওয়ামী লীগ অভুক্ত মানুষের জন্যে খাবারের ব্যবস্থা করেছে। কিন্তু সেই আয়োজনকে বন্ধ করে দিয়ে ক্ষমতাসীনরা প্রমাণ করেছে, এ সরকার দুর্গত মানুষের পাশে দাঁড়ায় না। অন্যদেরও দাঁড়াতে দেয়না।
এ ঘটনার পর স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে বলেছেন, সেখানে কোনও অভাব নেই।
শেখ হাসিনা উত্তরবঙ্গের মঙ্গা কবলিত এলাকা সফরকালে গত শুক্রবার লঙ্গরখানাটি উদ্বোধন করেন।
