২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক কোন্দল, অন্তর্মুখী মনোভাব সার্কের সাফল্যের ক্ষেত্রে বাধা: পাক প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ রাজনৈতিক কোন্দল ও উত্তেজনা এবং অন্যান্য আঞ্চলিক সংস্থায় প্রবেশের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশসমূহের অন্তর্মুখী মনোভাবকে সার্কের সাফল্যের ক্ষেত্রে বাধা বলে উল্লেখ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

শনিবার নিরাপত্তার চাদরে ঢাকা রাজধানী ঢাকায় আয়োজিত ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

প্রথমত, এই অঞ্চলের রাজনৈতিক বিতর্ক ও সীমান্ত উত্তেজনার কারণে আমরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েছি। এই সব দ্বন্দ্বের অবসান হওয়া জরুরী। সার্কের সফলতার ক্ষেত্রে বাঁধা ও সমাধান ব্যাখ্যা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

দ্বিতীয়ত, যখন অন্যান্য এশীয় দেশ, বিশেষ করে আসিয়ান সদস্য দেশগুলো উন্নয়নের জন্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিশ্বায়নের সুফল পাওয়ার মতো অবস্থানে নিজেদের উন্নীত করেছে, সেখানে সার্ক এখনও অন্যান্য আঞ্চলিক সংস্থা ও বিশ্বে প্রবেশের ক্ষেত্রে অন্তর্মুখী ও লাজুক ভাব নিয়ে বসে আছে।

শওকত আজিজ এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্যে সার্কভুক্ত দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আমাদের অবশ্যই সংযুক্তির নীতি গ্রহণ করতে করতে হবে এবং বিশেষ করে এশিয়ার বড় দেশগুলোর সঙ্গে মিথষ্ক্রিয়া উন্মুক্ত করতে হবে।

তিনি সবার জন্যে সুবিধাজনক পরিস্থিতি নিশ্চিত করতে সংযোগ ও পারস্পারিক নির্ভরশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

রাজনৈতিক অস্থিরতা নিরসনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বলেন, ‘পারস্পারিক বৈরিতা ভুলে দক্ষিণ এশিয়ার এই বিশাল জনগোষ্ঠির বৃহত্তর স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা একে অপরের ভালো জিনিস থেকে শিক্ষা গ্রহণ করব এবং নিজেদের স্বার্থেই একে অপরকে সহায়তা করব’।

আঞ্চলিক সহযোগিতাকেই শান্তি , উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে শক্তিশালী হাতিয়ার বলে উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ এশিয়া এখনও বিশ্ব অর্থনীতির মূল ধারায় প্রবেশ করতে পারে নি।

চরম দরিদ্রতা ও পারস্পারিক কোন্দলকেই তিনি এর জন্যে দায়ী করে বলেন, আমরা এখনও সার্কের সর্বোচ্চ ব্যবহার করতে পারি নি। সার্কের সর্বোচ্চ ব্যবহারের ওপরই এই অঞ্চলেল বিশাল জনগোষ্ঠির অর্থনৈতিক ভাগ্য পরিবর্তন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সার্কে অন্তর্ভূর্ক্তি প্রশ্নে আফগানিস্তানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সার্কে আফগানিস্তানের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবে এ সংগঠনকে সমৃদ্ধ করবে এবং এর শক্তি বাড়াবে। চীনের সহযোগী সদস্য পদের ব্যাপারে তিনি বলেন, আমরা আমাদের বন্ধু ও প্রতিবেশী চীনের স্বার্থকেও স্বাগত জানাই, দেশটি সার্কের সহযোগী সদস্য কিংবা পর্যবেক্ষক বা ডায়লগ পার্টনার যা ই হোক না কেন।