২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরম দুর্দশা ঢাকতে সরকার ঢাকায় আলোকসজ্জা করেছে : হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের চরম দুর্দশা ঢাকতে সার্ক সম্মেলন উপলক্ষে ঢাকাকে সাজ-সজ্জার নগরীতে পরিণত করেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

শনিবার গাইবান্ধার বিভিন্ন স্থানে আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি রংপুর সার্কিট হাউজ থেকে সকাল সাড়ে নয়টায় পীরগঞ্জের ফতেহপুরের উদ্দেশে যাত্রা করে আধ ঘন্টা পর সেখানে পৌঁছেন। সেখানে তিনি তার শ্বশুর ও শাশুড়ির কবরে ফাতেহা পাঠ করেন এবং আত্মীয় স্বজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর তিনি সংক্ষিপ্ত সমাবেশ বলেন, সরকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করছে। এই অঞ্চলে অভাব থাকা সত্ত্বেও সরকার চোখ বন্ধ করে আছে।

জনগণের দুর্ভোগ বাড়লেও ক্ষমতাসীন জোট সরকারের নেতা-কর্মীরা সম্পদের পাহাড় গড়ছে। তিনি এই পরিস্থিতি পরিবর্তনের আহ্বান জানান।

সমাবেশে বিএনপি ও জাতীয় পার্টির বেশ কিছু সংখ্যক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেয়।

দুপুর ১২ টায় তিনি গাইবান্ধার পলাশবাড়ীতে পৌঁছেন এবং আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন।

তিনি বলেন, জেনারেল জিয়া ছিলেন অবৈধ ক্ষমতা দখলদার। এ কারণেই তিনি সায়েম সরকারকে অবৈধভাবে অপসারণ করেছিলেন। যার ফলে দেশে গণতন্ত্র সংহত হতে পারে নি।

জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারিদের পুর্নবাসনের পাশাপাশি তাদের পুরস্কৃত করেন বলে উল্লেখ করে শেখ হাসিনা প্রশ্ন করেন, এ ঘটনা কি প্রমাণ করে না, বঙ্গবন্ধু হত্যায় জিয়ার হাত ছিল ?

তিনি বলেন, উত্তরাঞ্চলে চিনিকলগুলো বন্ধ হয়ে গেলেও এ ব্যাপারে সরকারের কোনও মাথাব্যথা নেই। এটি সবার কাছেই স্পষ্ট যে, তারেক জিয়া চিনি আমদানির নামে অর্থ আত্মসাৎ করছে।

তিনি বলেন, তারেক জিয়া মালয়েশিয়ায় ২৫০ কোটি টাকা পাচার করেছিলেন, যা মালয়েশীয় সরকার জব্দ করেছে। শেখ হাসিনা প্রশ্ন করেন, এটি কি দেশের জন্যে লজ্জার বিষয় নয় ?

এর পর তিনি গাইবান্ধার তালতলা হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে পৌঁছান বেলা ১২ টা ৫৫ মিনিটে।

স্কুল মাঠে আয়োজিত সমাবেশে তিনি রাজধানীকে সাজানোর জন্যে সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দেশে বিদ্যুৎ ঘাটতির পাশাপাশি মানুষের দুর্ভোগ বাড়ছে। এ সময় দেশের ভাবমূর্তির নামে আলোকসজ্জা অর্থের অপচয় ছাড়া কিছু নয়।

শেখ হাসিনা জোর দিয়ে বলেন, আওয়ামী লীগকে ভোট দিলে দেশে কোনও খাদ্য ঘাটতি থাকবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তরের সময় দেশে ২৪ লাখ মে. টন চাল মজুদ ছিল। কিন্তু আজ দেশের উত্তরাঞ্চলের মানুষ অনাহারে ভূগছে।

বিকাল তিনটায় বগুড়া পর্যটন মোটেলে পৌঁছলে পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর বিকাল সাড়ে তিনটায় তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।