সার্ককে শক্তিশালী করতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা: জ্ঞানেন্দ্র
নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে অর্থবহ আঞ্চলিক সহযোগিতা সম্ভব নয়।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি এ অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষায় সার্কই একমাত্র ফোরাম। আর এ কারণেই সার্ককে কার্যকর করতে আমাদের আত্মনিয়োজিত করা উচিত।
তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা আজকের যুগের একটি রাজনৈতিক আকাঙ্খা। বিশ্বায়নের এ যুগে অর্থনৈতিক উন্নয়নের জন্যে আঞ্চলিক সংগঠনের বিকল্প নেই। তিনি বলেন, এ অঞ্চলের মানুষের সমষ্টিগত উন্নয়ন সার্কের মাধ্যমেই সম্ভব।
এ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে দক্ষিণ এশীয় উন্নয়ন তহবিলের (এসএডিএফ) প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সম্পদের অভাবে এবং অভিন্ন আঞ্চলিক প্রকল্পের অভাবে সার্ককে কার্যকর করা যায়নি।
সাফটার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দরিদ্র দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে সাফটার গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, সাফটাকে কার্যকর করতে হলে এ অঞ্চলের সবগুলো দেশের মধ্যে সম্পদের সুসম বন্টনের প্রয়োজন। তিনি সাফটাকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ইউনিয়নে পরিণত করার কথা বলেন।
তিনি বলেন, দারিদ্র এ অঞ্চলের একটি প্রধান সমস্যা। দারিদ্র বিমোচনে পরিকল্পনা গ্রহণ এবং তার বাস্তবায়ন করা উচিত।
সন্ত্রাসকে এ অঞ্চলের একটি সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং গণতন্ত্রের একটি প্রধান বাধা সন্ত্রাস। তিনি বলেন, সন্ত্রাসের কোন ভালো মন্দ নেই, সন্ত্রাস সন্ত্রাসই। এ অঞ্চল থেকে সন্ত্রাস নির্মুলে তিনি সার্ক সদস্য দেশগুলোর ঐক্যবদ্ধ সহযোগিতার কথা বলেন।
