দারিদ্র্য বিমোচন লক্ষ্যমাত্রা নির্ধারণে ভুটানের প্রধানমন্ত্রীর আহ্বান
ভুটানের প্রধানমন্ত্রী লিওনপো স্যাঙ্গেই নেগদুপ সার্ক দেশগুলোর দারিদ্র্য বিমোচনে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্যে আঞ্চলিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার ত্রয়োদশ সার্ক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের ভাষণে তিনি এ আহ্বান জানান।
ভুটানের প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মূল চাহিদাগুলো পূরণ না হলে জনগণের মাঝে প্রশান্তি আসবে না। এ লক্ষ্যেই দ্বাদশ সার্ক সম্মেলনে দারিদ্র্য বিমোচনে একটি স্বতন্ত্র দক্ষিণ এশীয় কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। ইতোমধ্যেই সার্ক দেশগুলোর জন্যে একটি দারিদ্র্যবিমোচন তহবিল গঠনের ঐতিহাসিক উদ্যোগ নেয়া হয়েছে। এজন্যে একটি কর্মপরিকল্পনাও প্রণয়ন করা হয়।
তিনি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে উঠেছে উল্লেখ করে বলেন, এটি সার্কের অন্যতম অর্জন। সার্ক এখন তৃতীয় দশকে প্রবেশ করছে। এখনই আমাদের অর্জনগুলো বিবেচনা করতে হবে এবং সার্ককে সর্বস্তরের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, আঞ্চলিকভাবে প্রয়োজনীয় বেশ কিছু সুুনির্দিষ্ট প্রকল্প হাতে নিয়ে অগ্রাধিকারভিত্তিতে কাজ করতে হবে। এটি সার্ককে নতুন শতাব্দিতে একটি কার্যকর আঞ্চলিক সংস্থায় পরিণত করবে।
প্রধানমন্ত্রী লিওনপো বলেন, সার্কের শক্তি বৃদ্ধি, সহযোগিতার মনোভাব সৃষ্টি এবং কিছু কিছু ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে হবে।
